আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, অসাম্প্রদায়িক শোষণমুক্ত দেশ গড়তে ১৪ দল সব সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থাকবে।
বুধবার দুপুরে তোপখানা রোডস্থ ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কমরেড অমল সেনের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।
মোহাম্মদ নাসিম বলেন, এখন থেকে ১৪ দল তিনটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে। এগুলো হলো, মুক্তিযুদ্ধের চেতনার প্রতীক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে চোখের মনির মতো রক্ষা, সরকার পরিচালনায় কোন ত্রুটি-বিচ্যুতি হলে তা ধরিয়ে দিয়ে সতর্ক করা এবং পরাজিত অশুভ শক্তি কোনো চক্রান্ত করলে জনগণকে সঙ্গে নিয়ে তা রুখে দেওয়া।
আরো পড়ুন : দেশের প্রথম ডিজিটাল সিটি হবে সিলেট : পররাষ্ট্রমন্ত্রী
মোহাম্মদ নাসিম বলেন, গত ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচনে বিশাল বিজয় হলেও স্বাধীনতাবিরোধীদের চক্রান্ত এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে। জনগণকে সঙ্গে নিয়ে এ চক্রান্ত মোকাবেলা করেই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। দেশের অগ্রযাত্রা কেউ বাধাগ্রস্ত করতে পারবে না। ষড়যন্ত্রকারীদের চক্রান্ত রুখে দিতে ১৪ দল মাঠে থাকবে।
এর আগে মোহাম্মদ নাসিম কমরেড অমল সেনের অস্থায়ী প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দিলীপ রায় প্রমুখ উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/ইউবি