ফটোকপি চাঁদ

 

হাই-রাইজ বিল্ডিং, ফটোকপি চাঁদ...

 

পেরেকে ঠুকেছে কেউ

শেখের টেকের

শখের আকাশে।

 

আশপাশে মেঘের দঙ্গল

নাকি পোলট্রির বিষ্ঠা

লেগে লেগে আছে?

 

নুরজাহান, নুরজাহান, নুরজাহান রোড:

 

১৭ বছর আগে,

১৬ বছরের আসক্ত বালিকা

সারা গায়ে, দেহের গভীরে...

 

ক্যান্ ক্যান্

ঢেলে দিয়েছিল

হার্ড জেসমিন-ঘ্রাণ

এক মিড-রাতে:

 

মনে হতেই

স্ক্যান-করা যত কথা,

ক্লিক করি:

 

আ! জ্বলে যাই, মরে যাই...

 

দাউদাউ পুড়ে যায়

সাজানো-গোছানো

ঘর-দোর।

 

লাফাই, ঝাঁপাই আর কী যে গরুদৌড়...

 

কোথায় সে জলমহাল,

যে আপনি চোখের জলে

আমাকে ভেজাতে?

 

তুমি আজ

আউট অব নেটওয়ার্ক,

আগুন-ধরানো দেশ

মেরিকা, সুদূর টেক্সাসে!