রোহিঙ্গাদের সহায়তায় আরো ৮৫০ কোটি টাকা অনুদান দিচ্ছে বিশ্বব্যাংক

কক্সবাজারে রোহিঙ্গা অধ্যুষিত এলাকার জীবনমান উন্নত করতে আরো ১০ কোটি ডলার (৮৫০ কোটি টাকা) অনুদান দিচ্ছে বিশ্বব্যাংক। ইমার্জেন্সি মাল্টি-সেক্টরাল রোহিঙ্গা ক্রাইসিস রেসপন্স শীর্ষক প্রকল্পে এই বাড়তি অর্থায়ন করবে সংস্থাটি। এ লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার একটি চুক্তি হয়েছে। সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব শাহাবুদ্দিন পাটওয়ারী এবং বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি মিয়ং টিমবন চুক্তিতে সই করেন। বিশ্বব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাড়তি এই অর্থায়নের মাধ্যমে রোহিঙ্গাসহ ৭ লাখ ৮০ হাজার ৮০০ মানুষ উপকৃত হবে। এরমধ্যে ১ লাখ ৪০ হাজার ৮০০ স্থানীয় জনগণও উপকৃত হবে। রোহিঙ্গা ও স্থানীয় জনগণের জন্য বিদ্যুত্, পানি, স্যানিটেশন এবং দুর্যোগসহনশীল অবকাঠামো নির্মাণে এই বাড়তি অর্থ ব্যয় হবে। সবমিলিয়ে এই বাড়তি অর্থায়নের মাধ্যমে ৩ লাখ ৬৫ হাজার মানুষের সুপেয় পানির ব্যবস্থা, ১ লাখ ৭১ হাজার মানুষের উন্নত স্যানিটেশন-সুবিধা তৈরি করা হবে। এ বিষয়ে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর উল্লেখ করেন, রোহিঙ্গা সংকট শুরুর পর থেকেই বিশ্বব্যাংক বাংলাদেশকে সহায়তা করে আসছে। রোহিঙ্গা সমস্যা কক্সবাজারের অবকাঠামো এবং প্রয়োজনীয় সেবা খাতে প্রচণ্ড চাপ তৈরি করেছে। বাড়তি অর্থায়ন এই চাপ কমাতে সহায়তা করবে। রোহিঙ্গাসহ স্থানীয় জনগণও এতে উপকৃত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রকল্পটির মাধ্যমে ৪০টি মাল্টিপারপাস শেলটার সেন্টার ছাড়াও জলবায়ু সহনীয় সড়ক নির্মাণ করা হবে। ৪ হাজার সোলার সড়কবাতি স্থাপন করা হবে। প্রকল্পটির মাধ্যমে সরকারি সংস্থাগুলোকে সংকট ও জরুরি পরিস্থিতিতে পরিকল্পনা, সমন্বয়ে প্রাতিষ্ঠানিক ব্যবস্থা এবং সক্ষমতা জোরদার করতে সহায়তা করবে বলে জানিয়েছে বিশ্বব্যাংক।