ভূঞাপুরে যমুনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করায় ড্রেজার মেশিন ধ্বংস করেছে প্রশাসন। গত দুই দিনে যমুনা নদীর বিভিন্ন পয়েন্ট থেকে ১৫টি বাংলা ড্রেজারের মেশিন ও পাইপ ধ্বংস করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. নাসরীন পারভীন এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসলাম হোসাইন বুধবার ও বৃহস্পতিবার যৌথ অভিযান পরিচালনা করেন। যমুনা নদীর বঙ্গবন্ধু যমুনা সেতু ক্যান্টনমেন্টসংলগ্ন নেংড়া বাজার জাহাজমারা ঘাট থেকে গোবিন্দাসী ঘাট পর্যন্ত সাতটি ড্রেজার এবং গোবিন্দাসী ইউনিয়নের জিগাতলা থেকে জগত্পুরা পর্যন্ত যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে স্থাপিত আটটি অবৈধ বাংলা ড্রেজার ধ্বংস করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. নাসরীন পারভীন জানান, অবৈধ বালু উত্তোলনকারীরা পালিয়ে যাওয়ায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে।