অধিগ্রহণ সংক্রান্ত জটিলতায় থেমে আছে চিলাহাটি রেল স্টেশনের কাজ

জমি অধিগ্রহণ ও বিদ্যুতের খুঁটির জটিলতায় থমকে আছে ডোমার উপজেলার চিলাহাটি রেল স্টেশনের লুফ লাইন বসানোর কাজ। অধিগ্রহণের প্রয়োজনীয় কোনো কাগজপত্র না পাওয়ায় বাধা হয়ে দাঁড়িয়ে আছে জমির মালিকরা। রেলওয়ে কর্তৃপক্ষ ২.৮৪ একর জমি অধিগ্রহণের তালিকা প্রস্তুত করলেও বাধার মুখে কাজ করতে পারছে না ঠিকাদারি প্রতিষ্ঠান। ফলে স্টেশনসংলগ্ন তিনটি নতুন লুফ লাইন স্থাপন, নতুন অত্যাধুনিক প্ল্যাটফরম, ওয়াসফিট স্থাপনের কাজ বন্ধ রয়েছে।

জমির মালিক রুমান মালেক বলেন, প্রায় এক বছর থেকে জমি অধিগ্রহণ নিয়ে রেলওয়ে কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন একাধিকবার বৈঠকে বসেও অদ্যাবধি কোনো সুরাহায় আসতে পারেনি। আমাদের কোনো নোটিশ না দিয়েই জমিতে রেলওয়ের কাজ করার জন্য বিভিন্নভাবে চাপ দেওয়া হচ্ছে। ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্স বলেন, জমি অধিগ্রহণ ও বিদ্যুতের খুঁটি স্থানান্তর না হওয়ায় লুফ লাইন বসানোর কাজ বন্ধ রয়েছে। অধিগ্রহণের কাজ শেষ হলেই দেড় মাসের মধ্যে কাজ শেষ করা সম্ভব হবে। পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী ডিভিশনের প্রকৌশলী-২ প্রকল্প পরিচালক আব্দুর রহীম বলেন, জমি অধিগ্রহণের জন্য কাগজপত্র সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়েছি। অল্প সময়ের মধ্যে জমি অধিগ্রহণের কাজ শেষ হয়ে যাবে।