নারী ফুটবল লিগের ফিরতি পর্ব পুনরায় কমলাপুর স্টেডিয়ামে শুরু হচ্ছে আজ। বেলা আড়াইটায় বসুন্ধরা কিংস এবং বেগম আনোয়ারা স্পোর্টিং ক্লাব মুখোমুখি হবে। সাত দল নিয়ে লিগ হচ্ছে। প্রথম পর্বে প্রত্যেক দল ছয়টি করে ম্যাচ খেলেছে। প্রথম রাউন্ড শেষে ছয় ম্যাচের সবগুলো জিতেছে বসুন্ধরা কিংস। ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বসুন্ধরা। ছয় খেলায় ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ঢাকার দল নাসরিন স্পোর্টিং ক্লাব, ১০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রংপুরের এএফসি উত্তরবঙ্গ এবং চতুর্থ স্থানে রয়েছে জামালপুর কাচারিপাড়া একাদশ। ছয় পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ঢাকার বেগম আনোয়ারা স্পোর্টিং। এক পয়েন্ট করে নিয়ে টেবিলের নিচে রয়েছে স্প্যাটার্ন গ্যালাকটিকো সিলেট এফসি এবং কুমিল্লা ইউনাইটেড।
গত ২২ ফেব্রুয়ারি শুরু হয়েছিল নারী ফুটবল লিগ। করোনার কারণে মাঝপথে বন্ধ হয়ে যায় লিগ। পুনরায় শুরু হয় ১১ নভেম্বর। ১২ ডিসেম্বর শেষ হবে লিগের ফিরতি পর্ব।