প্যারিসে শরণার্থী শিবিরে পুলিশের উচ্ছেদ অভিযান

ফ্রান্সের রাজধানী প্যারিসের উত্তরাঞ্চলে শরণার্থীদের একটি অস্থায়ী শিবির উচ্ছেদ করেছে পুলিশ। উচ্ছেদকৃতদের মধ্যে বেশিরভাগই সংঘাতপূর্ণ সোমালিয়া ও আফিগানিস্তান থেকে এসেছে। শিবিরটিতে ২ হাজারের মতো লোক বাস করতো বলে জানা গেছে। খবর ডয়চে ভেলের

মঙ্গলবার প্রত্যুষে পুলিশ ঝটিকা অভিযান চালিয়ে এই উচ্ছেদ অভিযান সফল করে। ফরাসি সরকারের এ ধরনের অভিযানের সমালোচনা করেছেন মানবাধিকার কর্মীসহ আরো অনেকে। তাদের মতে, ভোরের আলো ফোটার আগেই অসহায় মানুষগুলোকে এভাবে উচ্ছেদ করা কোনোভাবে কাম্য হতে পারে না। তারা বলেন, আমরা এর নিন্দা জ্ঞাপন করছি। ফরাসি অভিবাসী নীতির সমালোচকরা একে নোংরা রাজনৈতিক পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন। ফ্রান্সের সেন্ট ডেনিস শহরতলীর ফ্রেঞ্চ ন্যাশনাল স্টেডিয়াম দ্য স্ট্যাড ডি ফ্রান্সের পাশেই ছিল শিবিরটির অবস্থান। পুলিশ জানিয়েছে, বর্তমান কোভিড-১৯ মহামারির সংক্রমণ এড়াতেই এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

শরণার্থী সহায়তা সংস্থা জানিয়েছে, উচ্ছেদ হওয়া লোক জনের এখন খোলা আকাশের নিচে থাকা ছাড়া আর কোনো পথ নেই। এরই মধ্যে অনেকেই এখন সড়কে আশ্রয় নিয়েছে। শরণার্থী বিষয়ক আইনজীবীরা জানিয়েছেন, এসব অভিবাসী এখন মারাত্মক খারাপ অবস্থায় রয়েছেন। তারা বলেন, শরণার্থীরা যেখানে ছিলেন, সে আশ্রয় কেন্দ্রগুলো মূলত  প্লাস্টিক ও হার্ডবোর্ডের তৈরি। যখন উচ্ছেদ অভিযান চলছিল, তখন লোক জনকে কর্তৃপক্ষ দ্রুত বাসে উঠার নির্দেশ দেন। এ সময় হুড়োহুড়ি করে উঠতে গিয়ে বেশ বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এ অবস্থায় পুলিশ পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাস ব্যবহার করে।

অভিবাসন সংগঠন উইলসনের স্বেচ্ছাসেবক ফিলিপ ক্যারো বলেন, উচ্ছেদ করা শিবিরটিতে সবার জন্য পর্যাপ্ত জায়গা ছিল না। এখন তারা উচ্ছেদ হওয়ায় তাদের সড়ক ছাড়া আর কোনো ঠিকানা রইলো না। ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী গেরাল্ড ডারমেনিন বলেন, সেখানে অধিবাসীরা খুব দুর্বিষহ অবস্থায় ছিল। করোনার কারণে তাদের অবস্থা আরো খারাপ হওয়ার আশঙ্কা থেকে এ অভিযান পরিচালনা করা হয়েছে।