ছাত্র ইউনিয়নের সম্মেলন শুরু

করোনাকালে ব্যতিক্রমী জাতীয় সম্মেলন আয়োজন করেছে ছাত্র ইউনিয়ন। ‘আলোকে চিনে নেয় আমার অবাধ্য সাহস’ স্লোগান নিয়ে চা ও পাটকল শ্রমিকরা ৪০তম এ জাতীয় সম্মেলন উদ্বোধন করেন। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে দুই দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করা হয়।

এবারের সম্মেলনে রাখা হয়নি কোনো প্রকার সাংস্কৃতিক আয়োজন। সারা দেশ থেকে প্রতিবছর কাউন্সিলরদের পাশাপাশি নেতাকর্মীরা জমায়েত হলেও এবারের সম্মেলনে কাউন্সিলর ছাড়া অন্য নেতাকর্মীদের সম্মেলন উপস্থিত না হতে নির্দেশনা প্রদান করা হয়। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মেহেদী হাসান নোবেলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অনিক রায়ের সঞ্চালনায় সংগঠনটির সাবেক ও বর্তমান নেতারা এতে অংশ নেন।

মেহেদী হাসান নোবেল বলেন, পত্র-পত্রিকায় এসেছে প্রায় দুই কোটি ৮০ লাখ শিক্ষার্থী শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ঝরে পড়বে। ২৮ ভাগ শিক্ষার্থী শিক্ষাজীবন ছেড়ে দিয়েছে তাদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য। এসব পরিসংখ্যান দেখলে বুঝা যায় বাংলাদেশের শিক্ষাব্যবস্থার কি অবস্থা।

পাটকল শ্রমিক নওশেদ আলী বলেন, সরকার যখন রাষ্ট্রায়াত্ত পাটকল বন্ধ করে দিয়েছে তখন আমরা দিশেহারা হয়েছিলাম। ঠিক সে সময় কমিউনিস্ট পার্টিগুলো আমাদের পাশে দাঁড়িয়েছে।

উদ্বোধনী সমাবেশের পর একটি শোভাযাত্রা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস প্রদক্ষিণ করে শাহবাগ হয়ে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন ভবন প্রাঙ্গণে শেষ হয়।