সাভারে প্রতিবন্ধী এক নারী নৃত্যশিল্পীকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার সকালে সাভারের আড়াপাড়া এলাকার একটি ড্রেনের ওপর থেকে তার লাশ উদ্ধার করা হয়। তার নাম ময়ুরী (২৫)। সে সাভারের কাঞ্চনপুর বেদেপাড়া এলাকার তাহের মিয়ার মেয়ে। ময়ুরী শারীরিক প্রতিবন্ধী হলেও বিভিন্ন অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে সংসার চালাত। নিহতের পরিবারের সদস্যরা জানায়, বুধবার রাতে নৃত্যশিল্পী ময়ুরী পৌর এলাকার আড়াপাড়া জমিদার বাড়ি মন্দিরে নাচগান করে রাত ১০টায় সেখান থেকে বাসার উদ্দেশে রওয়ানা দেন। পরদিন গতকাল বৃহস্পতিবার ভোর রাতে আড়াপাড়া এলাকার একটি ড্রেনের ওপর স্থানীয়রা তার লাশ পড়ে থাকতে দেখে সাভার মডেল থানা পুলিশকে খবর দেয়। ময়ুরীর পরিবারের অভিযোগ, ঐ অনুষ্ঠানে নাচ শেষ করে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে নির্যাতনের পর হত্যা করেছে। সাভার মডেল থানার এসআই সাফায়েদুর রহমান বলেন, কীভাবে ঐ নৃত্যশিল্পীর মৃত্যু হয়েছে—বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা করা হয়েছে।