প্রত্যেক উপজেলায় ফায়ার স্টেশন হবে :স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, ২০২১ সাল নাগাদ আরো ১২৯টি নতুন ফায়ার স্টেশন স্থাপন করা হবে। এর মধ্য দিয়ে ফায়ার স্টেশনের সংখ্যা দাঁড়াবে ৫৬৫টি। এছাড়া আরো ১১টি আধুনিক মডেল ফায়ার স্টেশন স্থাপনের পরিকল্পনা রয়েছে। গতকাল বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২০’ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ফায়ার সার্ভিসের সক্ষমতা বৃদ্ধির জন্য সরকার প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। এর অংশ হিসেবে পর্যায়ক্রমে প্রত্যেক উপজেলায় ফায়ার স্টেশন স্থাপনের পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যেক উপজেলায় ফায়ার স্টেশন স্থাপনের নির্দেশনা দিয়েছেন। যা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হচ্ছে। এখন পর্যন্ত দেশ জুড়ে স্থাপিত ফায়ার স্টেশনের সংখ্যা ৪৩৬টি। ২০২১ সাল নাগাদ আরো ১২৯টি নতুন ফায়ার স্টেশন স্থাপন করা হবে। এগুলো স্থাপিত হলে ফায়ার স্টেশনের সংখ্যা দাঁড়াবে ৫৬৫টি। এছাড়া আরো ১১টি আধুনিক মডেল ফায়ার স্টেশন স্থাপনের পরিকল্পনা রয়েছে।’

একসময় ফায়ার সার্ভিসের ৯তলা পর্যন্ত অগ্নিনির্বাপণের সক্ষমতা ছিল। বর্তমানে সেই সক্ষমতা ২০তলা পর্যন্ত, আগামী বছর ২২তলা পর্যন্ত সক্ষমতা অর্জন করবে। আগে ফায়ার সার্ভিসের বিশেষ গাড়ি ছিল ৫টি, এখন সেই গাড়ির সংখ্যা ১০৮টি। প্রতিটি ফায়ার স্টেশনে পর্যায়ক্রমে অ্যাম্বুলেন্স  দেওয়া হবে।

 ‘প্রশিক্ষণ পরিকল্পনা প্রস্তুতি’

 দুর্যোগ মোকাবিলায় আনবে গতি’ এই প্রতিপাদ্য নিয়ে দেশব্যাপী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার থেকে সারা দেশে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২০ শুরু হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নানা কর্মসূচির মধ্য দিয়ে ২১ নভেম্বর  পর্যন্ত এই সপ্তাহ উদ্যাপিত হবে।