পুলিশের রয়েছে হ্যামিলনের বাঁশিওয়ালার মতো ক্ষমতা। পুলিশের একজন ডিসি, এডিসি, এসি ও থানার ওসি হবে তার এলাকার সবচেয়ে জনপ্রিয় সামাজিক ব্যক্তিত্ব। তাদের কাজের জন্য হ্যামিলনের বাঁশিওয়ালার মতো মানুষ তাদেরকে অনুসরণ করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন বাংলাদেশ পুলিশ প্রধান ড. বেনজীর আহমেদ। তিনি বলেন, ভালো কাজ করলে যে মানুষ ভালোবাসে তার প্রমাণ তোমরা করোনার সময় পেয়েছো। গতকাল বৃহস্পতিবার সকালে রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত মতবিনিময় সভায় ডিএমপিতে কর্মরত সহকারী পুলিশ কমিশনার থেকে তদূর্ধ্ব কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় তিনি এসব কথা বলেন।
উপস্থিত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে আইজিপি বলেন, আগে দর্শনধারী, পরে গুনবিচারী। পুলিশ অফিসার হিসেবে সবসময় মনে রাখতে হবে আমার আচরণ, ব্যবহার, কথাবার্তা ও চালচলন সর্বক্ষেত্রে জনগণ প্রত্যক্ষ করছে। এ জন্য ইউনিফরমের গৌরব নিয়ে চাকরিটা করতে হবে। আমরা পত্র-পত্রিকার নিউজ হতে চাই না, আমরা নিউজ দিতে চাই।
পুলিশ প্রধান বলেন, সারা বাংলাদেশের থানাগুলোতে ৬৯১২টি বিট রয়েছে। বিট পুলিশিং কার্যক্রম আরো মনোযোগ সহকারে করতে হবে। থানা এলাকার প্রতিটি পরিবারের খবর পুলিশের কাছে থাকতে হবে।
এ ছাড়াও তিনি বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ বাংলাদেশ পুলিশের আয়না ও পতাকা বহনকারী ইউনিট। এই গৌরব নিয়ে তোমাদের জনসেবায় কাজ করতে হবে। পুলিশের রয়েছে প্রচুর আইনী ক্ষমতা। এই ক্ষমতাকে কাজে লাগিয়ে মানুষকে সেবা দিতে হবে।