দেশে গত এক দিনে আরো ২ হাজার ৩৬৪ জনের মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, যা গত ৭৮ দিনের মধ্যে সবচেয়ে বেশি। এর আগে গত ২ সেপ্টেম্বরের চেয়ে বেশি নতুন রোগী শনাক্তের খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। সেদিন ২ হাজার ৫৮২ রোগী শনাক্ত হয়েছিল। গতকাল বৃহস্পতিবার বিকালে সংবাদ মাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে শনাক্ত মোট রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৪ লাখ ৪১ হাজার ১৫৯ জন।
আর করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় আরো ৩০ জনের মৃত্যু হয়েছে। তাতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৩০৫ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিত্সাধীন আরো ১ হাজার ৯৩৪ জন সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৩ লাখ ৫৬ হাজার ৭২২ জন হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১১৭টি ল্যাবে ১৭ হাজার ৫৩১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ২৬ লাখ ৬ হাজার ৯৫২টি নমুনা। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৪৮ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৬ দশমিক ৯২ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮০ দশমিক ৮৬ শতাংশ এবং মৃত্যু হার ১ দশমিক ৪৩ শতাংশ।
গত এক দিনে যারা মারা গেছেন, তাদের মধ্যে ২৫ জন পুরুষ আর নারী পাঁচ জন। তাদের সবাই হাসপাতালে মারা গেছেন।