সিলেটের বিদ্যুত্হীন অংশে ৫৬ ঘণ্টা পর আলোর ঝলকানি

অবশেষে বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে অর্থাত্ প্রায় ৫৬ ঘণ্টা পর নগরীর বিদ্যুত্হীন অংশে বিদ্যুত্ সরবরাহ করা হয়েছে। চারদিকে ঘুটঘুটে অন্ধকার দূর হয়ে আলোয় ঝলমলিয়ে উঠেছে। বিদ্যুত্ আসার সঙ্গে সঙ্গে নগরীতে হর্ষধ্বনি শোনা যায়। এদিকে বাংলাদেশ বিদ্যুত্ উন্নয়ন বোর্ড (পিডিবি) সিলেটের সহকারী পরিচালক জুয়েল রানা জানান, আপাতত পরীক্ষামূলকভাবে শতভাগ বিদ্যুত্ সরবরাহ করা হয়েছে। তিনি বলেন, যেহেতু ফিডগুলো আগুনে ক্ষতিগ্রস্ত হয়, তাই দ্রুত মেরামত করে আপাতত বিদ্যুত্ সরবরাহ করা হয়েছে। তবে এখন পিকআওয়ার থাকার কারণে কিছু এলাকায় লোডশেডিং হতে পারে। দুই-এক দিনের মধ্যে পুরাপুরি মেরামতকাজ সম্পন্ন হবে। বিদ্যুত্ লাইন মেরামতের প্রয়োজনে বিদ্যুত্ সরবরাহ বন্ধ রেখে মেরামতকাজ করা হবে।

অন্যদিকে সিলেট  বিদ্যুত্ বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর আওতাধীন ৩৩/১১ কেভি এমসি কলেজ ও উপশহর উপকেন্দ্রের আওতাধীন বিভিন্ন এলাকায় জরুরি মেরামত ও সংরক্ষণকাজের জন্য শনিবার সকাল ৭টা থেকে বেলা ১২টা পর্যন্ত পাঁচ ঘণ্টা বিদ্যুত্ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুত্ উন্নয়ন বোর্ড সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে বলেন, তবে নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হয়ে গেলে তাত্ক্ষণিক বিদ্যুত্ সরবরাহ করা হবে।

শনিবার উপশহর উপকেন্দ্রের যে এলাকায় বিদ্যুত্ বন্ধ থাকবে সেগুলো হচ্ছে—শাহজালাল উপশহর, তেররতন, সাদাটিকর, শিবগঞ্জ, সেনপাড়া, টিলাগড়, লামাপাড়া, লাকড়ীপাড়া, সবুজবাগ, হাতিবাগ, রাজপাড়া, উত্সব সেন্টার, রোজ ভিউ, নাইওরপুল, ধোপাদীঘিরপাড়, সোবহানীঘাট, হাফিজ কমপ্লেক্স, যতরপুর, মীরাবাজার, আগপাড়া, ঝেরঝেরীপাড়া, চালিবন্দর, নির্বাচন কমিশন অফিস, আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স, কাস্টঘর, হকার্স মার্কেট, কালীঘাট, মহাজনপট্টি, বটেরতল, শুঁটকিবাজার, মাছিমপুর, ছড়ারপার, সোনারপাড়া, মজুমদারপাড়া, দর্জিপাড়া, খারপাড়া, মীরাপাড়া, শাপলাবাগ, মুক্তির চক, কল্যাণপুর, টিলাগড়, টুলটিকর, মিরেরচক, মুরাদপুর, পীরের চক, মেন্দিবাগ, বোরহান উদ্দিন মাজার রোড, শাহপরান থানা, সাদাটিকর, সাদিপুর-২, সোনাপুর, নয়াবস্তিসহ আশপাশ এলাকা।

এমসি কলেজ উপকেন্দ্রের এলাকাগুলো হচ্ছে—টিবি হাসপাতাল, মিতালিটিলা, খরাদিপাড়া, রাজবাড়ী,  দর্জিপাড়া, নাইওরপুল, চারাদীঘির পাড় আরামবাগ, দুর্গাবাড়ী, বালুচর পয়েন্ট, উত্তর বালুচর, দুগ্ধ খামার, গোপালটিলা, কৃষি বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং কলেজ, শিবগঞ্জ, শাহিত্ ঈদগাহ, কাজীটুলা, মীরবক্সটুলা, জিন্দাবাজার, হাওয়াপাড়া, বারুদখানা, কুমারপাড়া, নয়াসড়ক, রাজবাড়ি, জেল রোডসহ আশপাশ এলাকা।