ধান নিয়ে বাড়ি ফেরা হলো না ওদের

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রলি উলটে আট শ্রমিক নিহত ও সাত জন আহত হয়েছে। এছাড়া মোটরসাইকেল দুর্ঘটনায় গাজীপুরের কালীগঞ্জ ও বাগেরহাটের মোরেলগঞ্জে দুই কলেজ শিক্ষার্থী এবং মাদারীপুরের টেকেরহাটে এক যুবক নিহত হয়েছে। কক্সবাজারের টেকনাফে টমটম দুর্ঘটনায় স্কুলছাত্রী ও নীলফামারীর জলঢাকায় অটোরিকশার ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা জানান, উপজেলার বারিক বাজার এলাকায় ধান বোঝাই ট্রলি উলটে আট শ্রমিক নিহত ও সাত জন আহত হয়েছে। নিহতরা হলো—শাহাবাজ ইউনিয়নের বালিয়াদিঘী গ্রামের আবুল কাসেম (৪০), বাবুল (২২), তাজামুল হক (৫০), তাজামুলের ছেলে মিঠুন (২৪), কারিম (৪০), মিলু (৪০), আতাউর রহমান (২৮) ও আহাদ আলি (২২)। স্থানীয়রা ও পুলিশ জানায়, সকাল সাড়ে ৪টার দিকে বালিয়াদিঘী এলাকার ১৬ জন ধান কাটা শ্রমিক বরেন্দ্র এলাকা থেকে ট্রলিযোগে ধানসহ বাড়ি ফিরার পথে বারিক এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে পড়ে গেলে ট্রলি উলটে ঘটনাস্থলেই আট জন মারা যায়। সাত জন আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চিকিত্সার জন্য হাসপাতালে পাঠায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিক আলা রাব্বী বলেন, লাশ স্বজনদের কাছে হস্তান্তর এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত প্রত্যেকের পরিবারকে ১০ হাজার টাকা করে দেওয়া হয়েছে।

কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা জানান, বৃহস্পতিবার দুপুরে উপজেলার পানজোরা-কালীগঞ্জ সড়কের তিরিয়া নামকস্থানে ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষের ঘটনায় সিয়াম মিয়া (২০) নামের মোটরসাইকেল আরোহী কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অপর আরোহী সাব্বির আহমেদ নামের একজন আহত হন। নিহত সিয়াম কালীগঞ্জ পৌর এলাকার মুুনশুরপুর (টেকপাড়া) গ্রামের মজনু মিয়ার ছেলে ও কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের ২য় বর্ষের শিক্ষার্থী।

 মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা জানান, মোরেলগঞ্জ নতুন থানা ভবনের অদূরে মোরেলগঞ্জ-শরণখোলা আঞ্চলিক মহাসড়কে বৃহস্পতিবার দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জুবায়ের আল মাহমুদ (১৯) নামে এক কলেজছাত্র নিহত হয়। জুবায়ের বাগেরহাট সরকারি পিসি কলেজের একাদশ মানবিক বিভাগের ছাত্র। সে উপজেলার পাঁচগাঁও গ্রামের হোমিও চিকিত্সক বেলায়েত হোসেন তালুকদারের একমাত্র ছেলে।

 টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা জানান, গোপালগঞ্জ সড়কের উত্তর ভেন্নাবাড়ী নামক স্থানে বুধবার বিকেলে মোটরসাইকেল দুর্ঘটনায় সবুজ বিশ্বাস ওরফে সুধান্য (২৫) নামে এক যুবক নিহত হয়েছে। দুর্ঘটনার পর মুমূর্ষু অবস্থায় রাজৈর হাসপাতালে আনার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। নিহত সবুজ রাজৈর উপজেলার চৌরাশী বাজিতপুর গ্রামের মৃত যোগানন্দ বিশ্বাসের ছেলে।

টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা জানান, টেকনাফ সড়কে বৃহস্পতিবার মিনি টমটম দুর্ঘটনার কবলে পড়ে ৫ম শ্রেণির ছাত্রী জেসমিন আকতার নিহত হয়।

জলঢাকা (নীলফামারী) সংবাদদাতা জানান, জলঢাকায় চার্জারচালিত অটোরিকশার ধাক্কায় এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়। বৃহস্পতিবার বিকেলে উপজেলার চৌপুথী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত ইছাহাক আলী (৫৫) উপজেলার বালাগ্রাম ইউনিয়নের চৌকিদার পাড়ার মৃত ছকর মামুদের ছেলে। এ ঘটনায় অটোচালক জাহিদুল ইসলামকে আটক করেছে পুলিশ।