আইনমন্ত্রী আনিসুল হক সংসদকে জানিয়েছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনের সঙ্গে জড়িত দেশি-বিদেশি চক্রান্তকারী নেপথ্য নায়কদের খুঁজে বের করতে কমিশন গঠন করা হবে। ইতিমধ্যে কমিশন গঠনের প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে। কমিশন কাদের নিয়ে কীভাবে গঠিত হবে, কমিশনের কাজের পরিধি কী হবে—ইত্যাদি নির্ধারণে সংশ্লিষ্টরা কাজ করছেন। গতকাল বৃহস্পতিবার সংসদে টেবিলে উপস্থাপিত প্রশ্নোত্তরে সংরক্ষিত আসনের সদস্য মনিরা সুলতানার এক প্রশ্নের জবাবে মন্ত্রী একথা জানান।
আইনমন্ত্রী বলেন, বর্তমান সরকার বিচারপ্রার্থী জনগণের ভোগান্তি লাঘবে সঠিক বিচারের নিশ্চয়তা প্রদান করে দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ধনী ও গরিবনির্বিশেষে সবার জন্য সমতার ভিত্তিতে সুবিচার নিশ্চিত করা এবং বিচারব্যবস্থায় দৃশ্যমান উন্নয়ন সাধন করে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর।
সাড়ে ৩ লাখ সরকারি পদ শূন্য : জনপ্রশাসন প্রতিমন্ত্রী
ঢাকা-২০ আসনের সরকারদলীয় এমপি বেনজীর আহমেদের লিখিত এক প্রশ্নের জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সংসদকে জানান—বর্তমানে মন্ত্রণালয়, অধিদপ্তরসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে ৩ লাখ ৬৯ হাজার ৪৫১টি পদ শূন্য। এরমধ্যে প্রথম শ্রেণিতে (৯ম গ্রেড ও তদূর্ধ্ব) শূন্য ৫৫ হাজার ৩৮৯টি, দ্বিতীয় শ্রেণিতে (১০ম গ্রেড) শূন্য ৪৯ হাজার ১৪২টি, তৃতীয় শ্রেণিতে (১১ থেকে ১৬তম গ্রেড) শূন্য ১ লাখ ৭৭ হাজার ৭৭৯টি ও চতুর্থ শ্রেণিতে (১৭ থেকে ২০তম গ্রেড) শূন্য ৮৭ হাজার ১৪১টি পদ।
প্রতিমন্ত্রী জানান, সরকারি প্রতিষ্ঠানে শূন্যপদে লোক নিয়োগ চলমান প্রক্রিয়া। শূন্যপদ পূরণের লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। ৩৮তম বিসিএসের মাধ্যমে ২ হাজার ২০৪ কর্মকর্তার নিয়োগ কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তাদের পুলিশ ভেরিফিকেশনের কাজ চলমান। ৩৯তম বিসিএসের মাধ্যমে কোভিড-১৯ আক্রান্ত রোগীর চিকিত্সা ও রাষ্ট্রের জরুরি প্রয়োজনে নবসৃষ্ট সহকারী সার্জনের স্থায়ী ক্যাডার পদে ২ হাজার চিকিত্সক নিয়োগ দেওয়া হয়েছে। ৪০তম বিসিএসের মাধ্যমে ১ হাজার ৯০৩ জন জনবল নিয়োগ করা হবে যার লিখিত পরীক্ষা সম্পন্ন হয়েছে। ৪১তম বিসিএসের মাধ্যমে ২ হাজার ১৬৬ জন জনবল নিয়োগ করা হবে।
ভোলা-২ আসনের আলী আজমের এক প্রশ্নের জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, বর্তমান সরকারের আমলে সরকারি কর্মকমিশন (বিপিএসসি) বিসিএস ক্যাডার পদসহ দ্বিতীয় ও তদূর্ধ্ব শ্রেণিতে মোট ৭৪ হাজার ৮৭৮ জনকে নিয়োগের সুপারিশ করেছে। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে এখন পর্যন্ত ২৮তম থেকে ৩৮তম বিসিএস পরীক্ষায় ৩৫ হাজার ৬০৩ প্রার্থীকে ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করা হয়েছে। এছাড়া প্রথম শ্রেণির ননক্যাডার পদে ৪ হাজার ২৫ জন, দ্বিতীয় শ্রেণির (দশম, একাদশ ও দ্বাদশ গ্রেড) পদে ৫ হাজার ৭৫৪ জনকে নিয়োগের সুপারিশ করেছে। এছাড়াও বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের চাহিদার পরিপ্রেক্ষিতে নবম তদূর্ধ্ব এবং দশম গ্রেডের বিভিন্ন ননক্যাডার পদে ৩২ হাজার ৪৯৬ জনকে নিয়োগের সুপারিশ করেছে।