ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা বাইডেনের ট্রানজিশন টিমে!

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের ফল এখনো মেনে নেননি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার প্রশাসন ক্ষমতা হস্তান্তরের জন্য গঠিত নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের ট্রানজিশন টিমকে সহায়তাও করছে না। কিন্তু গোপনে প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনেরই বর্তমান এবং সাবেক কর্মকর্তারা বাইডেনের টিমের সদস্যদের বিভিন্ন তথ্য দিয়ে সহায়তা করছেন। এদিকে উইসকনসিন রাজ্যে ভোট পুনর্গণনা নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছেন নির্বাচন কমিশনের ডেমোক্র্যাট ও রিপাবলিকান সদস্যরা। যদিও এই পুনর্গণনায় ফলাফলে তেমন প্রভাব ফেলবে না। খবর সিএনএন ও ইউএসএ টুডের

প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসনে রাজনৈতিকভাবে নিয়োগ পাওয়া কিছু কর্মকর্তা সম্প্রতি পদত্যাগ করেছেন। তারা বিভিন্ন তথ্য দিচ্ছেন বাইডেনের ট্রানজিশন টিমকে।                 সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, এর মাধ্যমে প্রমাণ হচ্ছে যে, ট্রাম্পের পরাজয় স্বীকার না করা এবং ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ায় বাধা প্রদানে তারাও হতাশ। এখনো জেনারেল সার্ভিসেস অ্যাডমিনিস্ট্রেশন বাইডেনের বিজয়কে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি। এর ফলে বাইডেন এবং তার টিম প্রশাসনের গুরুত্বপূর্ণ তথ্য, বিভিন্ন তহবিলও পাচ্ছে না এবং বঞ্চিত হচ্ছে স্পর্শকাতর তথ্যের ব্রিফিং থেকে।

উইসকনসিনে দুই দলের দ্বন্দ্ব

রাজ্যের মিলাওয়াকি এবং ডেইন কাউন্টিতে ভোটে অনিয়ম হয়েছে বলে দাবি রিপাবলিকানদের। প্রেসিডেন্ট ট্রাম্প এখানে ভোট পুনর্গণনার আবেদন জানিয়েছেন। রাজ্যের কর্মকর্তারা জানিয়েছেন, ভোট পুনর্গণনার খরচ হিসেবে এরই মধ্যে ৩০ লাখ ডলার তারা পেয়েছেন। তবে ভোট পুনর্গণনার প্রক্রিয়া দ্বন্দ্ব তৈরি হয়েছে নির্বাচন কমিশনের ডেমোক্র্যাট ও রিপাবলিকান সদস্যদের মধ্যে। বুধবার রাতে এক ভার্চুয়াল বৈঠকে তারা করোনা মহামারির মধ্যে ভোট গণনা নিয়ে মতবিরোধে জড়ান। শুক্রবার থেকে গণনা শুরু হবে এবং পহেলা ডিসেম্বর শেষ হবে। উইসকনসিনে ২০ হাজার ৬০০ পপুলার ভোটের ব্যবধানে জিতে ১০টি ইলেকটোরাল ভোট পেয়েছেন বাইডেন। জানা গেছে, মিলাওয়াকি এবং ডেইন কাউন্টি ডেমোক্র্যাট অধ্যুষিত রাজ্য। ফলে সেখানে ফলাফল পরিবর্তনের তেমন কোনো সম্ভাবনা নেই। এদিকে জর্জিয়ায় পুনর্গণনার ফল ঘোষণা করা হবে স্থানীয় সময় বৃহস্পতিবার। তবে এবারের গণনায়ও বাইডেন জয়ী হয়েছেন বলে জানা গেছে।