নিরাফাত আনাম মেমোরিয়াল ইনক্লুশন অ্যাওয়ার্ডে ভূষিত স্যার ফজলে হাসান আবেদ

ব্র্যাকের প্রতিষ্ঠাতা প্রয়াত স্যার ফজলে হাসান আবেদ কেসিএমজি চতুর্থ নিরাফাত আনাম মেমোরিয়াল ইনক্লুশন অ্যাওয়ার্ড ২০১৯ (নামি ২০১৯)-এ ভূষিত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাজধানীর ব্র্যাক সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে প্রয়াত স্যার ফজলের পক্ষে পুরস্কারটি গ্রহণ করেন ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্। স্যার ফজলে হাসান আবেদ গত বছরের ২০ ডিসেম্বর মারা যান।

বাংলাদেশের প্রতিবন্ধী জনগোষ্ঠী, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং প্রান্তিক জনগোষ্ঠীর বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়ার পথে অপরিসীম অবদানের জন্য এশিয়ান সেন্টার ফর ইনক্লুসিভ এডুকেশনের (এসিআইই) পক্ষ থেকে স্যার ফজলেকে এই পুরস্কারে ভূষিত করা হয়। অন্তর্ভুক্তিকরণ বিষয়ে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অধিকারকর্মী মনসুর আহমেদ চৌধুরী আসিফ সালেহ্র হাতে এ পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে এসিআইইয়ের সেক্রেটারি জেনারেল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. এম তারিক আহসান ডিজিটাল মাধ্যমে সংযুক্ত ছিলেন। গত বছর ১৯ নভেম্বর পুরস্কারটি ঘোষণা করা হলেও স্যার ফজলের শারীরিক অসুস্থতা এবং করোনা পরিস্থিতির কারণে এতদিন তা প্রদান করা সম্ভব হয়নি।