ডায়ানার সেই বিতর্কিত সাক্ষাত্কার তদন্তের মুখে

মৃত্যুর ২৩ বছর পরও আলোচনার কেন্দ্রে ব্রিটেনের সাবেক প্রিন্সেস ডায়ানা। সম্প্রতি ১৯৯৫ সালে বিবিসিকে দেওয়া ডায়ানার সাক্ষাত্কার নিয়ে বিতর্ক শুরু হয়েছে। এ নিয়ে তদন্তও শুরু হয়েছে। বিবিসির জনপ্রিয় অনুষ্ঠান প্যানোরমা’র জন্য ডায়ানার সেই সাক্ষাত্কার নিয়েছিলেন বিশিষ্ট সাংবাদিক মার্টিন বশির। সেই সাক্ষাত্কারে ডায়ানা বলেছিলেন, যুবরাজ চার্লসের সঙ্গে ভেঙে পড়া দাম্পত্যের কথা।

সাক্ষাত্কারে উঠে এসেছিল চার্লসের সঙ্গে ক্যামিলা পার্কারের দীর্ঘ প্রেমের কথা। পাশাপাশি ডায়ানা এটাও স্বীকার করেছিলেন, তিনি চার্লসের পাশাপাশি অন্য পুরুষের সঙ্গেও প্রেমেও লিপ্ত ছিলেন। সাক্ষাত্কারটি সারা পৃথিবীতে চাঞ্চল্য সৃষ্টি করেছিল।

২৫ বছর সেই সাক্ষাত্কারের পেছনের কথিত ঘটনা আবার হৈচৈ তুলেছে ব্রিটেনে। কারণ অভিযোগ উঠেছে যে মার্টিন বশির নামে বিবিসির যে সাংবাদিক সাক্ষাত্কারটি নিয়েছিলেন তিনি প্রিন্সেস ডায়ানাকে ঐ সাক্ষাত্কার দিতে রাজি করিয়েছিলেন কিছু জাল দলিলপত্র দেখিয়ে। অভিযোগটি তুলেছেন আর্ল স্পেন্সার যিনি ১৯৯৭ সালে প্যারিসে এক গাড়ি দুর্ঘটনায় মারা যাওয়া প্রিন্সেস ডায়ানার ভাই। তিনি বলছেন, বিবিসির সাংবাদিক মার্টিন বশির কিছু জাল ব্যাংক দলিলপত্র দেখিয়ে অত্যন্ত অসত্ পন্থা ব্যবহার করে তার বোনকে ঐ সাক্ষাত্কার দিতে রাজি করিয়েছিলেন। ব্রিটেনের কিছু দৈনিকে এ নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর এখন এর আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে যে কী উপায়ে বিবিসি ঐ সাক্ষাত্কার পেয়েছিল এবং বিবিসির তখনকার সিদ্ধান্ত গ্রহণকারী ব্যক্তিরাই বা কী ভুমিকা পালন করেছিলেন।

বিবিসি ওই ঘটনার ব্যাপারে প্রকৃত সত্য উদ্ঘাটনের অঙ্গীকার করেছে। বুধবার বিবিসি ঘোষণা করেছে যে সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি লর্ড ডাইসন এক স্বাধীন তদন্ত প্রক্রিয়ার নেতৃত্ব দেবেন। প্রিন্সেস ডায়ানার বড় ছেলে ডিউক অব ক্যাম্ব্রিজ উইলিয়াম একে সঠিক দিকে একটি পদক্ষেপ বলে বর্ণনা করেছেন।