ঘিওরে দুটি গুদাম থেকে দেড় হাজার বস্তা সার জব্দ

মানিকগঞ্জের ঘিওর উপজেলার দুটি গুদাম থেকে ১ হাজার ৪৪৭ বস্তা বিভিন্ন প্রকার সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার দায়ে একজনকে আটক করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আইরিন আক্তার বুধবার রাত ১০টার দিকে ঘিওর বাজারের দুটি গুদামে অভিযান চালিয়ে এসব সার জব্দ করেন।

ইউএনও আইরিন আক্তার জানান, গোপন সংবাদের ওপর ভিত্তি করে তিনি এসব গুদামে অভিযান চালিয়েছেন। ঘিওর বাজারের মেসার্স হুমায়ুন ট্রেডার্সের গুদাম থেকে ১২৪৭ বস্তা সার জব্দ করা হয়। এর মধ্যে ডিএপি ৩৪৭ বস্তা, টিএসপি ৩৯৩ ও ইউরিয়া ৪৬০ বস্তা। এ ছাড়া মেসার্স রেজাউল ট্রেডার্সের গুদাম থেকে ২০০ বস্তা জব্দ করা হয়। এরমধ্যে ডিএপি ৬৬ বস্তা, টিএসপি, ৬০ বস্তা ও ইউরিয়া ৭৪ বস্তা। ঐ গুদাম দুটি সিলগালা করে দেওয়া হয়েছে।

ইউএনও আরো জানান, এ ঘটনায় প্রথমে ভ্রাম্যমাণ আদালতে বিচার কার্যক্রম প্রস্তুতি নিলেও পরে তা নিয়মিত মামলার সিদ্ধান্ত নেওয়া হয়। উপজেলা কৃষি বিভাগকে এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নিতে বলা হয়েছে।

এ ব্যাপারে ঘিওর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আশরাফুল আলম ও উপজেলা কৃষি কর্মকর্তা শেখ বিপুল হোসেন বলেন, জব্দ করা এসব সার ক্রয়ের বৈধ কোনো কাগজপত্র গুদাম দুটির মালিকেরা দেখাতে পারেননি। এ ঘটনায় হুমায়ুন কবির নামের একজনকে আটক করা হয়েছে। তিন জনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে।