হালের প্রতিভাবান নির্মাতা মেহেদী হাসান হূদয় এবার নির্মাণ করছেন কমেডি ধারাবাহিক নাটক ‘হিসাবে গড়মিল’। তারকাবহুল এই ধারাবাহিক নাটকের গল্প ও অন্যান্য বিষয় নিয়ে লিখেছেন অজেয় চৌধুরী
রাজধানীর দোতালা একটা বাড়িতে ছয়জন ব্যাচেলরের বসবাস। এই শহরে ব্যাচেলরদের জন্য বাসা পাওয়াটা দুষ্কর। বাড়ির মালিক রাজ্জাক সাহেব নিজেই একজন ব্যাচেলর বলেই হয়তো অন্য ব্যাচেলরদের কষ্ট বুঝতে পেরে একে একে ছয়জন ভাড়াটিয়া জুটিয়ে ফেলেছেন। এদের মধ্যে মজনু তার গ্রামের বাড়ির মানুষ। মূলত মজনু এই বাসায় এসে ওঠার পর থেকেই এটি ব্যাচেলর ভিলায় পরিণত হয়েছে। সামি তার প্রেমিকা রিমির সঙ্গে কথা বলে জানতে পারে যে, রিমি যেই হোস্টেলে থাকে সেখানে রাতে প্রবেশ করা জনিত কিছু সমস্যা তৈরি হয়েছে। ফলে সন্ধ্যার পর বেশিক্ষণ রিমি সময় দিতে পারবে না সামিকে। বাসার সবাই জানতে পারে এই বাড়িতে এক আধ্যাত্মিক বাবার আগমন ঘটেছে। উনি ধ্যান করার জন্য এই বাসায় উপস্থিত হয়েছেন। কেউ যেন তাকে যখন তখন বিরক্ত না করে। সবার আগ্রহ বেড়ে যায় বাবার সঙ্গে দেখা করার জন্য। দেখা যায় রমজান বাবা সেজে বসে আছে। আগেই মজনু বাকি সদস্যদের বিষয়ে কিছু তথ্য জানিয়ে রাখলে রমজান বাবা হিসেবে সবার আস্থাভাজন হয়ে ওঠে। যদিও সাজুর কিছুটা সন্দেহ যেন থেকেই যায়। এর মধ্যে পত্রিকায় স্বপন জেল পলাতক আসামির গালকাটা রমজানের ছবি দেখে বাসা ফিরলে বাবাকে দেখে হতবাক হয়ে বলে এই তো সেই জেল পলাতক আসামি। নিজের পরিচয় প্রকাশ পেয়ে গেছে বুঝতে পেরে বাবার বেশ বাদ দিয়ে রমজান নিজের আসল বেশে উঠে দাঁড়ায়। জিম্মি করে ফেলে বাড়ির সকল সদস্যকে। বুঝতে পারে এদের ছেড়ে দিলে পড়তে হবে তাকে আরও বড় বিপদে। তার থেকে ভালো এদের সবাইকে একসঙ্গে উপরে পাঠিয়ে দেওয়া। এরপর ঘটে নানা ঘটনা—এমনি গল্প নিয়ে নির্মিত হয়েছে কমেডি ধারাবাহিক নাটক ‘হিসাবে গড়মিল’। রূপান্তরের রচনায় তারকাবহুল এই ধারাবাহিকে অভিনয় করেছেন লাক্সতারকা জাকিয়া বারী মম, অর্পণা ঘোষ, টয়া, সানজিদা তন্ময়, নাঈম, শ্যামল মওলা, তৌসিফ, মিশু সাব্বির, শতাব্দী ওয়াদুদ, মাজনুন মিজান, সাব্বির আহমেদ, ওয়াহিদ ইকবাল মার্শাল, নাইজুর সিফাত প্রমুখ। নাটক প্রসঙ্গে পরিচালনায় মেহেদী হাসান হূদয় বলেন, ‘এটি একটি কমেডি ধারাবাহিক নাটক। আমাদের জীবনের প্রতিদিনে ঘটে যাওয়া নানা টানাপোড়েনের গল্প এখানে উঠে এসেছে। এই ধারাবাহিকে হালের জনপ্রিয় সব অভিনয়শিল্পীরা অভিনয় করছেন। তারকাবহুল এই নাটকটি আশা করি সবার ভালো লাগবে।’