মাস্ক না পরা ও অতিরিক্ত মূল্যে বিক্রির দায়ে ৩০ জনকে জরিমানা

কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা

করোনা ভাইরাসের দ্বিতীয় পর্যায়ের সংক্রমণ ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে কাউখালী উপজেলা প্রশাসন। এরই অংশ হিসেবে শুক্রবার মাস্ক না পরা ও অতিরিক্ত মূল্যে মাস্ক বিক্রির দায়ে ৩০ জনকে ৯ হাজার ৪০০ টাকা জরিমানা করেছে দুইটি ভ্রাম্যমাণ আদালত। ঐদিন সকালে সাপ্তাহিক হাটের দিন কাউখালী দক্ষিণ বাজার এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খালেদা খাতুন রেখা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৫ ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে মাস্ক না পরা ও অতিরিক্ত মূল্য মাস্ক বিক্রির দায়ে ৬ হাজার ৭০০ টাকা জরিমানা করেন। অপর দিকে কাউখালী উত্তরবাজার এলাকায় মাস্ক না পরায় ১৫ জনকে ২ হাজার ৭০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাত আরা তিথি। অভিযানকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।