স্পোর্টস ডেস্ক
এককালে নিজেকে ‘স্পেশাল ওয়ান’ দাবি করা জোসে মরিনহো এখন নিজেকে দেখছেন ‘দ্য এক্সপেরিয়েন্সড ওয়ান’ হিসেবে। আজ শনিবার রাতে সেই মরিনহোর টটেনহ্যামের মুখোমুখি যখন হবেন তার পুরোনো প্রতিদ্বন্দ্বী পেপ গার্দিওলা, কঠিন পরীক্ষাও অপেক্ষা করবে তার দল ম্যানচেস্টার সিটির জন্য।
চলতি মৌসুমে প্রিমিয়ার লিগের আট ম্যাচ শেষে ১৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে আছে টটেনহ্যাম, দিচ্ছে শিরোপার জোর লড়াইয়ে থাকার আভাসও। তবে সিটির অবস্থা কিছুটা কঠিন। সাত ম্যাচ শেষে ১২ পয়েন্ট নিয়ে অবস্থান করছে দশম স্থানে। সঙ্গে চোটও ভোগাচ্ছে দলকে।
সব মিলিয়ে সিটির খাদের কিনারে থাকার ফলে গার্দিওলার চাকরি নিয়েও ছিল শঙ্কা। তবে গত বৃহস্পতিবার নতুন চুক্তির ফলে সে শঙ্কা দূর হয়ে গেছে। তবে এবার তার প্রমাণের পালা।
চুক্তি নবায়নের পর প্রথম ম্যাচেই গার্দিওলা প্রতিপক্ষ হিসেবে পাচ্ছেন টটেনহ্যামকে। হ্যারি কেইন আর সন হিউং মিনের আগুনে ফর্মের কারণে যারা আছে তালিকার শীর্ষ তিনে। সব মিলিয়ে চোটজর্জর ও ফর্মহীনতায় ভোগা সিটিকে আজ দিতে হবে বড় পরীক্ষাই।