পাকিস্তানসহ ১২ দেশের নাগরিকদের ভিসা দেওয়া সাময়িকভাবে স্থগিত করেছে সংযুক্ত আরব আমিরাত। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে খবরের সত্যতা স্বীকার করে জানানো হয়েছে, কোভিড-১৯ সংক্রমণের ধাক্কা সামলাতে সম্ভবত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আনন্দবাজার পত্রিকা
মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, ‘আমরা জানতে পেরেছি আমিরাত সাময়িকভাবে ১২ দেশকে ভিসা দেওয়া বন্ধ রেখেছে। তবে ইতিমধ্যেই যে ভিসা দেওয়া হয়ে গেছে, সেগুলো আর বাতিল করা হবে না।’ পাকিস্তান ছাড়াও আরো যে দেশের ভিসা বন্ধ রয়েছে সেগুলো হলো তুরস্ক, ইরান, ইয়েমেন, সিরিয়া, ইরাক, সোমালিয়া, লিবিয়া, কেনিয়া ও আফগানিস্তান। আরব আমিরাত যেসব ক্যাটাগরিতে ভিসা দেয়, তার মধ্যে রয়েছে ব্যবসা, পর্যটন, ট্রানজিট বা স্টুডেন্ট ভিসা। তবে কোন কোন বিভাগে ভিসা দেওয়া স্থগিত হচ্ছে, তা এখনো জানা যায়নি।