পরাজিত শক্তি নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত :তথ্যমন্ত্রী

ইত্তেফাক রিপোর্ট

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। গতকাল জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক স্মরণসভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি একথা বলেন।

হাছান মাহমুদ বলেন, ‘বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একদিকে বলছেন, সরকার দমন-নিপীড়ন চালাচ্ছে, আবার বলছেন, দেশে সরকার আছে কি না, তিনি অনুভব করতে পারছেন না। ফলে তার নিজের দ্বারা স্ববিরোধী এবং অসংলগ্ন বক্তব্য তার মাধ্যমেই উঠে এসেছে। তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যখন দেশ এগিয়ে যাচ্ছে, তখন দেশ ও দেশের অগ্রগতির বিরুদ্ধে নানাবিধ ষড়যন্ত্র অব্যাহত আছে। আমাদেরকে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে।’

জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার মুক্তিযোদ্ধা শওকত আলীর মৃত্যুতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এবং জনতার প্রত্যাশা নামক দুটি সংগঠন যৌথভাবে এই স্মরণসভার আয়োজন করে। জনতার প্রত্যাশা নামক সংগঠনের সভাপতি এম এ করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের ভাইস প্রেসিডেন্ট মুক্তিযোদ্ধা আকরাম হোসাইন, অ্যাডভোকেট বলরাম পোদ্দার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।