মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জের দৌলতদিয়া ৬ নম্বর ফেরিঘাটের অদূরে গতকাল ভোর রাতে মাঝ পদ্মায় অসেল হালদারের জালে ধরা পড়ে ২৫ কেজি ওজনের বাঘাইড়। গোয়ালন্দের পদ্মায় প্রতিদিনই জেলেদের জালে ধরা পড়ছে বাঘাইড়, পাঙ্গাশ, বোয়াল, রুই ও চিতল মাছ। তাই জেলেদের মধ্যে এখন উত্সবের আমেজ। কারণ সারা দিন জাল ফেলে ছোট আকারের চার-পাঁচটির বেশি ইলিশ ধরা পড়ছে না। তাতে তিন-চার জন জেলের ভাগে ২০০ টাকাও জোটে না। আর ফেরিঘাটের কাছে জাল ফেলে কম সময়ে কম পরিশ্রমেই তারা প্রতিদিনই বড় বড় এসব মাছ ধরে বেশি দামে বিক্রি করতে পারছেন। জেলে অসেল হালদার জানান, ‘প্রতিদিনের মতো শুক্রবার ভোর রাতে সহযোগীদের নিয়ে পদ্মায় মাছ ধরতে যাই। সকালের দিকে জাল তুলতেই মাছটি ভেসে ওঠে। মাছটি নিয়ে দৌলতদিয়া মত্স্য আড়তে পৌঁছাতেই আড়তদার চান্দু মোল্লার নজরে আসে। বড় বাঘাইড় ধরা পড়ার খবর পেয়ে ছুটে আসেন কয়েকজন ব্যাপারি। নিলামে ওঠালে চান্দু মোল্লা সর্বোচ্চ ৯০০ টাকা কেজি দরে মোট ২২ হাজার ৫০০ টাকা দিয়ে মাছটি কিনে নেন।