আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
আক্রোশের শিকার হয়েছে বৃক্ষ। ঘটনাটি ঘটেছে আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের ইজারকান্দী গ্রামে। এ গ্রামেরই বাসিন্দা ইউসুফ আহমেদ তার ১২ বিঘা জমিতে বিভিন্ন ফলদ ও বনজ গাছের চারা রোপণ করেছিলেন। গাছগুলোর বর্তমান বয়স দেড় বছর। এরই মধ্যে গাছগুলো লকলক করে বেড়ে উঠেছিল। কোনো কোনো গাছে ফল আসার উপযোগী হয়ে উঠেছিল। কিন্তু বিধিবাম। গত বৃহস্পতিবার রাতে কে বা কারা তার আড়াই শতাধিক গাছ কেটে ফেলে। যার মধ্যে ফলদ গাছ ছিল লিচু, পেয়ারা, পেঁপে, নারিকেল ও কমলা। এতে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছেন তিনি। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।