ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা
ঘিওরে ১ হাজার ৪৪৭ বস্তা বিভিন্ন প্রকার সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনার সঙ্গে জড়িত এক জনকে আটক করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার আইরিন আক্তার বুধবার রাতে ঘিওর বাজারের দুটি গুদামে অভিযান চালিয়ে এসব সার জব্দ করেন। ইউএনও আইরিন আক্তার জানান, ঘিওর বাজারের মেসার্স হুমায়ুন ট্রেডার্সের গুদাম থেকে ১ হাজার ২৪৭ বস্তা সার জব্দ করা হয়। এর মধ্যে ডিএপি ৩৪৭ বস্তা, টিএসপি ৩৯৩ ও ইউরিয়া ৪৬০ বস্তা। এছাড়া মেসার্স রেজাউল ট্রেডার্সের গুদাম থেকে ২০০ বস্তা জব্দ করা হয়। এর মধ্যে ডিএপি ৬৬ বস্তা, টিএসপি ৬০ বস্তা ও ইউরিয়া ৭৪ বস্তা। গুদাম দুটি সিলগালা করে দেওয়া হয়েছে।
ইউএনও জানান, উপজেলা কৃষি বিভাগকে এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নিতে বলা হয়েছে। এ ব্যাপারে ঘিওর থানার ওসি মুহাম্মদ আশরাফুল আলম ও উপজেলা কৃষি কর্মকর্তা শেখ বিপুল হোসেন বলেন, জব্দ করা এসব সার ক্রয়ের বৈধ কোনো কাগজপত্র গুদাম দুটির মালিক দেখাতে পারেননি। এ ঘটনায় হুমায়ুন কবির নামের এক জনকে আটক করা হয়েছে। তিন জনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে।