বাকি না দেওয়ায় বরিশালে ব্যবসায়ীকে মারধর

বরিশাল অফিস

বাকিতে কেক না দেওয়ায় বরিশালে এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠেছে মো. প্রিয়ঙ্গন নামে এক যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় বৃহস্পতিবার রাতে বরিশাল কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন ব্যবসায়ী কবির হোসেন বেপারী। জিডি সূত্রে জানা যায়, নগরীর কেডিসি এলাকার ফকির বাড়ি রোডে কবির হোসেন বেপারীর ‘বৈশাখী ফাস্ট’ নামে কেকের কারখানা রয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ‘কেক হাউস’-এ এসে প্রিয়ঙ্গন ১০ পাউন্ডের একটি কেক অর্ডার করেন, যার মূল্য ১৩০০ টাকা। সন্ধ্যায় প্রিয়ঙ্গন দুই-তিন জন লোকসহ অর্ডার দেওয়া কেক নিতে আসে এবং কেকের দাম পরে দেবে বলে জানায়। কারখানা মালিক তখন বাকিতে কেক দেবেন না বলে জানালে কবির হোসেনকে গালাগাল করে প্রিয়ঙ্গন। একপর্যায়ে তাকে মারধর করে প্রিয়ঙ্গন ও তার সহযোগীরা। পরবর্তীতে প্রিয়ঙ্গন মোবাইল ফোনে কবির হোসেনকে অশ্লীল ভাষায় গালিগালাজও করে।