যুক্তরাষ্ট্রে নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, কাজ শুরু করার প্রথম দিনেই তার দেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থায় ফের যোগ দেবে। সংস্থায় চীন সব আইন-কানুন মানছে কি না, সেই ব্যাপারেও আমাদেরকে নিশ্চিত হতে হবে। বৃহস্পতিবার ডেলাওয়ার অঙ্গরাজ্যে নিজ শহর উইলমিংটনে চীন সম্পর্কে এক প্রশ্নের জবাবে বাইডেন এসব কথা বলেন।
করোনা ভাইরাসের জন্য চীনকে দায়ী করে আসছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বিশ্ব স্বাস্থ্য সংস্থা চীনের পক্ষে কাজ করছে এমন অভিযোগে গত এপ্রিলে সংস্থাটি থেকে বেরিয়ে আসার ঘোষণা দেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে বাইডেন নির্বাচনী প্রচারণা থেকেই বলে আসছেন, যুক্তরাষ্ট্র আবার বিশ্ব স্বাস্থ্য সংস্থায় যোগ দেবে। এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে বৃহস্পতিবার তিনি বলেন, সংস্থার সব আইনকানুন চীন মানছে কি না, তা আমাদেরকে নিশ্চিত হতে হবে। এটা দেখার জন্যই যোগ দেব আমরা। তিনি প্রচারণায় চীনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের কথাও বলেছিলেন। তবে তিনি চীনের বিরুদ্ধে কঠোর হবেন কি না, তা দেখা যাবে ক্ষমতা গ্রহণের পর।