উত্তরায় ৩১টি ককটেল উদ্ধার

রাজধানীর উত্তরা-১০ নম্বর সেক্টরের-১৩ নম্বর রোডের একটি নির্মাণাধীন বাড়ি থেকে অবিস্ফোরিত অবস্থায় ৩১টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। পরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের একটি টিম ঘটনাস্থলে গিয়ে ককটেলগুলো নিষ্ক্রিয় করে।

পুলিশের উত্তরা বিভাগের উপ-কমিশনার শহীদুল্লাহ বলেন, গতকাল বিকাল ৩ টার দিকে ঐ নির্মাণাধীন বাড়িতে পুলিশ প্রথমে বোমাসদৃশ বস্তুগুলো দেখতে পায়। পরে পরীক্ষা করে নিশ্চিত হয় যে সেগুলো ককটেল এবং তাজা। নিরাপত্তার জন্য পুলিশ ঐ বাড়িটি ঘিরে ফেলে এবং সন্ধ্যার দিকে বোম্ব ডিসপজাল ইউনিট ককটেলগুলো নিষ্ক্রিয় করে।

পুলিশ জানায়, গত ১২ নভেম্বর উত্তরা এলাকায় ঢাকা-১৮ আসনের জাতীয় সংসদ নির্বাচনে কামারপাড়া উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের বাইরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ঐ সময় পুলিশ পাঁচটি ককটেলসহ এক যুবককে আটক করে গোয়েন্দা পুলিশ। আটককৃত যুবকের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঐ নির্মাণাধীন বাড়ি থেকে ককটেলগুলো উদ্ধার করে নিষ্ক্রিয় করে।