ইন্দোনেশিয়ার ওভাল অফিসে মন্ত্রীর সঙ্গে অঘোষিত বৈঠক ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইন্দোনেশিয়ার নৌ এবং বিনিয়োগ মন্ত্রীর সঙ্গে হোয়াইট হাউজে এক অঘোষিত বৈঠক করেছেন। সরকারি শিডিউলে এই বৈঠকের কথা উল্লেখ ছিল না। হোয়াইট হাউজও এ বিষয়ে কিছু জানায়নি। মঙ্গলবার হঠাত্ করেই এই বৈঠক হয়। এদিকে অ্যাপেকর ভার্চুয়াল সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে যোগ দিচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প। খবর সিএনএনের

ইন্দোনেশিয়ার সরকার এক বিবৃতিতে জানিয়েছে, মন্ত্রী লুহুত বিনসার পান্ডজয়তান প্রেসিডেন্ট ট্রাম্পের উপদেষ্টা জারেদ কুশনার এবং ইভাঙ্কা ট্রাম্পের সঙ্গেও বৈঠক করেছেন। এই সময় ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফিন্যান্স কো-অপারেশনের (ডিএফসি) অ্যাডাম বোহেলারও উপস্থিত ছিলেন। বৈঠকে মন্ত্রী লুহুত প্রেসিডেন্ট জোকো উইদোদোর পক্ষ থেকে প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে তার প্রশংসা ও কৃতজ্ঞতার বার্তা পৌঁছে দেন।

প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেনের সঙ্গে হেরে যাওয়ার পর প্রেসিডেন্ট ট্রাম্প খুব একটা প্রকাশ্যে আসছেন না। তিনি হোয়াইট হাউজেই অবস্থান করছেন। তবে তিনি এবং তার আইনজীবীরা নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ করে আসছেন। গত ১২ নভেম্বর থেকে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এবং করোনা ভাইরাস টাস্কফোর্সের কর্মকর্তা ছাড়া আর কারো সঙ্গে বৈঠকের কথা সরকারি শিডিউলে নেই। যদিও সৌদি আরবে শুক্রবার ২১ জাতির সমন্বয়ে গঠিত এশিয়া প্যাসিফিক ইকোনোমিক কো-অপারেশনের (অ্যাপেক) সম্মেলনে ট্রাম্প যোগ দেবেন বলে জানা গেছে।