ইউরোপে প্রতি ১৭ সেকেন্ডে এক জনের করোনায় মৃত্যু

গত এক সপ্তাহে ইউরোপে করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৯ হাজারের বেশি মানুষের। গড়ে প্রতিদিন মৃত্যু হয়েছে সাড়ে ৪ হাজারের বেশি মানুষের। সেই হিসেবে প্রতি ১৭ সেকেন্ডে ইউরোপে মৃত্যু হয়েছে এক জনের। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ইউরোপীয় অঞ্চলের প্রধান ডা. হ্যানস ক্লুজ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ইউরোপের দেশগুলোর স্বাস্থ্য ব্যবস্থা বর্তমানে মারাত্মক চাপের মুখে আছে। অনেক দেশেই আইসিইউর ৯৫ শতাংশ পূর্ণ হয়ে গেছে। গতকাল  দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। ড. ক্লুজ জানিয়েছেন, বর্তমানে সরকারি বিধি-নিষেধের কারণে নতুন আক্রান্তের সংখ্যা গত সপ্তাহে ২০ লাখ থেকে কমে ১৮ লাখে দাঁড়িয়েছে। তার মতে, ভাইরাসটি দুর্বল মানুষের ওপর বেশি সক্রিয় হয়ে ওঠে, সিদ্ধান্ত নিতে দেরি করলে এটা আরো মারাত্মক হয়ে উঠবে। 

এদিকে বিশ্বব্যাপী প্রতিনিয়ত করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। এরই মধ্যে ১৩ লাখ ৫৯ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ৫ কোটি ৬৮ লাখ।

ভ্যাকসিনের জরুরি ব্যবহারের আবেদন ফাইজারের

মার্কিন নিয়ন্ত্রক সংস্থা ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) কাছে নিজেদের ভ্যাকসিনের জরুরি ব্যবহার অনুমোদনের জন্য আবেদন করেছে ফাইজার ও বায়োএনটেক কোম্পানি। গতকাল শুক্রবার এই আবেদন করা হয়েছে। রয়টার্সের খবরে বলা হয়েছে, তৃতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়ালে ফাইজারের ভ্যাকসিন ৯৫ শতাংশ কার্যকর বলে প্রমাণিত হয়েছে। তারা আশা করছে, মধ্য ডিসেম্বরের মধ্যে এই অনুমোদন পাওয়া যাবে। এরপরই তারা টিকার ডোজ বাজারজাত করতে শুরু করবে। চলতি বছর তারা ৫ কোটি ডোজ টিকা সরবরাহ করতে পারবে বলে আশা করছে।

অক্সফোর্ডের দুই ডোজ ভ্যাকসিনের দাম হবে ১ হাজার রুপি

অ্যাস্ট্রাজেনেকা কোম্পানির সঙ্গে অক্সফোর্ডের উদ্ভাদিত করোনা ভ্যাকসিন আগামী ফেব্রুয়ারিতে আসার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন ভারতের সেরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা আদার পুনওয়ালা। এনডিটিভির এক খবরে বলা হয়েছে, আগামী এপ্রিল নাগাদ সাধারণ মানুষ এই টিকা পেতে পারে। এই ভ্যাকসিনের দুই ডোজের দাম ১ হাজার ভারতীয় রুপি নেওয়া হতে পারে।

রেমডেসিভির ব্যবহার বন্ধের পরামর্শ বিশ্ব স্বাস্থ্য সংস্থার

রেমডিসিভির ব্যবহারে রোগীর শারীরিক অবস্থার উন্নতি, মৃত্যুর ঝুঁকি কমা বা তার ভেন্টিলেশনের প্রয়োজন না হওয়ার প্রমাণ না পাওয়ায় কোভিড-১৯ এর চিকিত্সায় এর ব্যবহার বন্ধের পরামর্শ দিয়েছে ডব্লিউএইচও। শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি প্যানেল থেকে এ পরামর্শ দেওয়া হয়েছে।