উপন্যাসে নিজের জীবনের বাস্তব চিত্র প্রকাশ

বুকার পুরস্কার পেলেন ব্রিটিশ সাহিত্যিক স্টুয়ার্ট

২০২০ সালের বুকার পুরস্কার পেলেন ব্রিটিশ সাহিত্যিক ডগলাস স্টুয়ার্ট। প্রথম প্রকাশিত উপন্যাস ‘শুগি বেইন’ এর জন্য মর্যাদাপূর্ণ এই পুরস্কার পেলেন তিনি। এবারের পুরস্কার প্রদান অনুষ্ঠানে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা উপস্থিত ছিলেন। খবর দ্য গার্ডিয়ান ও হিন্দুস্তান টাইমসের

প্রথম উপন্যাসে আশির দশকে গ্লাসগো শহরের শ্রমিক শ্রেণির কঠোর জীবনের বাস্তব চিত্র অনবদ্য ভাষায় ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছেন ৪৪ বছর বয়সী স্টুয়ার্ট। যদিও উপন্যাসের কেন্দ্রে রয়েছে সংগ্রামী এক পরিবারের বেঁচে থাকার লড়াই এবং জীবনযুদ্ধে ক্ষতবিক্ষত বাবা-মায়ের প্রতি সন্তানদের অকুণ্ঠ ভালবাসার মর্মস্পর্শী উপাখ্যান। যে পরিবারে মা মাদকাসক্তির বিরুদ্ধে লড়াই করছিলেন। মূলত এটি স্কটিশ -আমেরিকান ডগলাস স্টুয়ার্টের নিজের জীবনের কাহিনী বলে জানা গেছে।

শুগি বেইন ছাড়াও এবারের বুকার পুরস্কারের জন্য মনোনীত বইগুলোর মধ্যে ছিল অবনী দোশির ‘বার্নট সুগার’, ডায়ান কুকের ‘দ্য নিউ উইন্ডারলনেস’, সিিস ডাংগারেম্বারের ‘দ্য মোর্নেবল বডি’, মাজা মেনজিসতের ‘দ্য শ্যাডো কিং’ এবং ব্রান্ডন টেলরের ‘রিয়েল লাইফ’। পুরস্কারের বিচারকমন্ডলীতে ছিলেন সাহিত্যিক লি চাইল্ড, সমীর রহিম, লেখক লেম সিসে এবং অনুবাদক এমিলি উইলসন। এর চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন সম্পাদক ও সাহিত্য সমালোচক মার্গারেট বাসবি।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে বাসবি বলেন, বিচারক হিসেবে আমরা মোট ১৬২ টি বই পড়েছি। এর মধ্যে বেশ কিছু বইয়ে গুরুত্বপূর্ণ, আশ্চর্যরকম সাদৃশ্যযুক্ত এবং স্পষ্ট বার্তা রয়েছে। অপ্রত্যাশিতভাবেই ছয়টি বই চূড়ান্ত পর্বের জন্য বাছাই করা হয়েছিল যাদের চরিত্র এবং সংলাপের বৈচিত্র আমাদের মনে বেশ রেখা টেনেছে। প্রসঙ্গত, গত বছর যৌথভাবে বুকার পুরস্কারে সম্মানিত হয়েছিলেন মার্গারেট অ্যাটউড এবং বার্নাডিন এভারিস্তো। যুক্তরাজ্য প্রতিবছর সাহিত্যে ‘ম্যান বুকার’ পুরস্কার দেয়। ইংরেজি ভাষায় লেখা সেরা মৌলিক উপন্যাসের জন্য এই পুরস্কার দেওয়া হয়। ১৯৬৯ সাল থেকে এই পুরস্কার দেওয়া হচ্ছে।