যুক্তরাষ্ট্রে নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ৭৮ বছরে পা দিয়েছেন। গতকাল শুক্রবার ছিল তার ৭৭তম জন্মবার্ষিকী এবং ৭৮তম জন্মদিন। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট হিসেবে আগামী ২০ জানুয়ারি শপথ নেবেন তিনি। জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, বাইডেনের সবচেয়ে পছন্দ আইসক্রিম। তার পছন্দের এ খাবারটিই সম্ভবত তুলে নেবেন জন্মদিনে। খবর এপি ও এনবিসি নিউজের
এর আগে রোনাল্ড রিগ্যান ১৯৮৯ সালে ৭৭ বছর ৩৪৯ দিনের মাথায় প্রেসিডেন্টের দায়িত্ব পালন শেষে হোয়াইট হাউজ ত্যাগ করেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় বয়স্ক প্রেসিডেন্ট হিসেবে ৭৪ বছর বয়সে হোয়াইট হাউজ ত্যাগ করতে যাচ্ছেন।
জোসেফ রবিনেট বাইডেন ১৯৪৮ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণ করেন। মাত্র ২৯ বয়সে তিনি মার্কিন ইতিহাসের কম বয়সী সিনেটরদের একজন হিসেবে সিনেট সদস্য হন। এবারের ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি রিপাবলিকান প্রার্থী প্রেসিডেন্ট ট্রাম্পের চেয়ে ৬০ লাখেরও বেশি ভোট পেয়ে হতে যাচ্ছেন ৪৬তম মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প বাইডেনের চেয়ে প্রায় চার বছরের ছোট। আর সহযোগী ভাইস-প্রেসিডেন্ট নির্বাচিত কমলা হ্যারিস বাইডেনের চেয়ে বয়সে প্রায় ২০ বছরের ছোট। গত অক্টোবরে বাইডেন কমলা হ্যারিসকে ৫৮তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বলেছিলেন, তারা দু’জনেই আগামী বছর হোয়াইট হাউজে আইসক্রিম দিয়ে জন্মদিন উদযাপন করবেন।
আমেরিকানদের কাছে বয়স যে কেবল একটি সংখ্যা এবং দায়িত্বই আসল সেটিই এবার প্রমাণ করার পালা বাইডেনের। রুটজার্স বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানী এবং ডেমোক্র্যাট ও রিপাবলিকান দুই দলের পরামর্শদাতা রস বেকার বলেন, তিনি মার্কিন জনগণের প্রতি আস্থা অর্জন করতে পেরেছেন যে তিনি শারীরিক ও মানসিকভাবে তার দায়িত্ব পালনে সম্পূর্ণ সক্ষম।