অভিনেতা ও নির্মাতার পর এবার নতুন পরিচয়ে প্রকাশ্যে এলেন মীর সাব্বির। ফোক সম্রাজ্ঞী মমতাজ গান করলেন মীর সাব্বিরের লেখায়। ‘ফোটে ফুল ফোটে’ শিরোনামে গানটি লিখেছেন তিনি। গানটির সুর ও সংগীত করেছেন ইমন চৌধুরী। মীর সাব্বিরকে নাটক নির্মাণে দেখা গেলেও প্রথবারের মতো সিনেমা নির্মাণ করছেন তিনি। সরকারি অনুদানের সিনেমা ‘রাত জাগা ফুল’ নির্মাণ করছেন তিনি। সিনেমার চিত্রনাট্যও করেছেন সাব্বির। পাশাপাশি নিজের সিনেমার জন্য গানও লিখলেন।
মীর সাব্বির বলেন, ‘প্রথমবারের মতো সিনেমা নির্মাণ করছি। সিনেমার গল্পে আমাদের সমাজের বিষয়বস্তু উঠে এসেছে। সমাজের অন্ধকারের মধ্যেও কিছু মানুষ নিজেকে আলোকিত করে এগিয়ে নিয়ে যায় আলোর পথে। এটাই মূলত আমার গল্পের মূল বিষয়বস্তু।’ সিনেমার শুটিং এরইমধ্যে শেষ হয়েছে। জানা যায়, ডিসেম্বরের শেষ সপ্তাহে বছরের শেষ সিনেমা হিসেবে মুক্তি পেতে পারে সিনেমাটি। রাত জাগা ফুল সিনেমাটিতে মীর সাব্বিরসহ আরো অভিনয় করেছেন দিলারা জামান, আবুল হায়াত, শর্মিলী আহমেদ, ফজলুর রহমান বাবু, ডা. এজাজুল ইসলাম, নাজনীন চুমকী, জয়রাজ, আবু হোরায়রা তানভীর, ঐশীসহ অনেকে।