জামালপুর ও নাসরিন একাডেমির জয়

স্পোর্টস রিপোর্টার

গতকাল দুপুরে কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত নারী ফুটবল লীগে দিনের প্রথম খেলায় জামালপুর কাচারীপাড়া একাদশ ২-১ গোলে কুমিল্লা ইউনাইটেডকে হারিয়েছে। হেরে গিয়ে কুমিল্লা দলের মেয়েদের চোখ ভিজল। কারণ কুমিল্লার দলটি ১৯ মিনিটে নাহারের গোলে এগিয়ে ছিল। এই গোল ধরে রাখতে তাদের চেষ্টার কমতি ছিল না। কিন্তু প্রথমার্ধের দুই মিনিট আগে ছোট ভুলে গোল হজম করে কুমিল্লা। সমতা আনেন জামালপুরের সাদিয়া। দ্বিতীয়ার্ধে জমে উঠা লড়াইয়ে ৭১ মিনিটে জামালপুরের আনিকার গোল ম্যাচ জয়ের আনন্দ দেওয়া ২-১ ব্যবধানে। একই মাঠে বিকালে হওয়া ম্যাচে নাসরিন ফুটবল একাডেমি ৩-০ গোলে স্পাটর্ন এমকে গ্যালাকটিকো সিলেট এফসিকে হারিয়েছে। প্রথমার্ধে এই দুই দলের খেলাটা কোনো গোল হয়নি। সিলেটের দলটি ভালোভাবেই সামাল দিয়ে রেখেছিল ঢাকার দল নাসরিন ফুটবল একাডেমিকে। কিন্তু খেলার শেষ দিকে গিয়ে সিলেটের দল কাহিল অবস্থায় পড়ে যায়। টপাটপ গোল তুলে নেন আকলিমা, আনাই এবং অনুচিং মারমা।