‘ব্যবধান গড়ে দেবে বোলাররাই’

অস্ট্রেলিয়া-ভারত সিরিজ

স্পোর্টস ডেস্ক

আরো একটা বোর্ডার-গাভাস্কার ট্রফি কড়া নাড়ছে দুয়ারে। অস্ট্রেলিয়া-ভারতের দ্রুপদী এই লড়াইয়ের আগে শক্তি-সামর্থ্যে পরিষ্কার ব্যবধানে এগিয়ে নেই কেউই, অভিমত সাবেক ভারতীয় পেসার জহির খানের। তবে ব্যবধান যে পেসাররাই গড়ে দেবেন সে ব্যাপারে অনেকটাই নিশ্চিত জহির।

দুই দলেই সময়ের সেরা পেসারদের উপস্থিতি। অস্ট্রেলিয়া দলে যেমন আছেন জশ হেইজেলউড, প্যাট কামিন্স, মিচেল স্টার্করা, ভারতীয় দলেও আছেন মোহামেদ শামি, জশপ্রিত বুমরাহ, উমেশ যাদবদের মতো দারুণ কিছু পেসার; যাদের ঝুলিতে আছে অস্ট্রেলিয়া জয়ের অভিজ্ঞতাও! এ কারণেই দুদলের গতির লড়াই দেখতে মুখিয়ে আছেন জহির, ‘এই মুহূর্তে বিশ্বসেরা কিছু বোলারের কথা ভাবুন। যাদের নাম এখন মনে আসছে, তাদের অনেকেই থাকবেন এই সিরিজে।’ বোলারদের দিকে হাত বাড়িয়ে দেবে অজি পিচগুলোর গতি আর বাউন্সও। এ কারণেই জহির মনে করছেন, ব্যবধানটা গড়ে দেবেন বোলাররাই, ‘গতি আর বাউন্স অস্ট্রেলিয়ার পিচগুলোর বৈশিষ্ট্য। আমার মনে হচ্ছে বোলাররাই তিন সিরিজের ভাগ্য গড়ে দেবেন! প্রতিপক্ষকে কম রানে রাখতে দলগুলোর বোলিং বিভাগের মুন্সিয়ানার দেখা মিলবে।’ দুই দলের সর্বশেষ টেস্ট সিরিজে অস্ট্রেলিয়ার দুই মূল ব্যাটিং স্তম্ভ ডেভিড ওয়ার্নার ও স্টিভেন স্মিথ খেলতে পারেননি নিষেধাজ্ঞার জন্যে। সে সুযোগে সেবার প্রথমবারের মতো অস্ট্রেলিয়ায় সিরিজ জয়ের কীর্তিও গড়েছিল ভারত। তবে এবার দুজনের উপস্থিতিতে ভারতের কাজটা সহজ হবে না আদৌ, বিশ্বাস সাবেক এই পেসারের। জহির বলেন, ‘স্মিথ-ওয়ার্নার ফেরায় আগের সফরের তুলনায় ভারত অবশ্যই কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে যাচ্ছে। এখন কাউকে ফেভারিট বলা যাচ্ছে না, কারণ দুই দলের শক্তিমত্তা কাছাকাছি পর্যায়ের। এসব কারণেই সিরিজটা হতে যাচ্ছে আরো বেশি রোমাঞ্চকর।’

আগামী ২৭ নভেম্বর সিডনিতে ওয়ানডে দিয়ে শুরু হবে দুই দলের লড়াই।