বরুসিয়া ডর্টমুন্ড তারকা আর্লিং হালান্ড এবার আনসুমানে ফাতি ও আলফন্সো ডেভিসকে হারিয়ে বর্ষসেরা উদীয়মানের খেতাব ২০২০ গোল্ডেন বয় অ্যাওয়ার্ড জিতে নিয়েছেন। ২০০৩ সাল থেকে প্রতি বছরই বছরের সেরা উদীয়মান ফুটবলারকে এ পুরস্কার দিয়ে আসছে ইতালিয়ান ক্রীড়াদৈনিক টুট্টোস্পোর্ত। প্রথম স্ক্যান্ডিনেইভিয়ান হিসেবে এ পুরস্কারটি জিতলেন নরওয়েজিয়ান ফরোয়ার্ড হালান্ড। তার আগে এ পুরস্কার জিতেছেন লিওনেল মেসি, ওয়েইন রুনি, কিলিয়ান এমবাপের মতো তারকারাও। হালান্ড গত জানুয়ারিতে রেডবুল সালজবুর্গ থেকে যোগ দেন বরুসিয়া ডর্টমুন্ডে, এরপর থেকে ২২ ম্যাচে ২৮ গোল করেছেন তিনি। গেল মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ অভিষেকেই করেছিলেন হ্যাটট্রিক, প্রথম পাঁচ ম্যাচের সব কয়টিতেই গোল করে বনে গিয়েছেন প্রতিযোগিতাটির সর্বোচ্চ গোল করা টিনেজারও। তারই স্বীকৃতি হিসেবে মিলেছে এই পুরস্কার।