মাহমুদুল হাসান জয় করোনা পজিটিভ

স্পোর্টস রিপোর্টার

বঙ্গবন্ধু টি-২০ কাপ উপলক্ষ্যে পাঁচ দলের ক্রিকেটার, কোচিং স্টাফ, কর্মকর্তাসহ প্রায় ১২৫ জনের করোনা পরীক্ষা করিয়েছিল বিসিবি। গত শুক্রবার নমুনা দিয়ে ১২৪ জনই স্বস্তির খবর তথা নেগেটিভ রিপোর্ট পেয়েছেন। একমাত্র ক্রিকেটার মাহমুদুল হাসান জয় পজিটিভ রিপোর্ট পেয়েছেন। টুর্নামেন্টে গাজী গ্রুপ চট্টগ্রাম দলে সুযোগ পেয়েছিলেন এই তরুণ টপঅর্ডার ব্যাটসম্যান।

করোনা আক্রান্ত জয়কে বিসিবি একাডেমি ভবনে আইসোলেশনে রাখা হয়েছে। চট্টগ্রাম দলের ম্যানেজার সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। করোনার কারণে জয়কে ছাড়াই গতকাল অনুশীলন শুরু করেছে গাজী গ্রুপ চট্টগ্রাম দল। তবে তার জন্য অপেক্ষা করবে দলটি।

বছরের শুরুতে যুব বিশ্বকাপ জেতা বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সদস্য জয়। বিসিবি প্রেসিডেন্টস কাপেও খেলেছেন মাহমুদউল্লাহ একাদশের হয়ে। একটি হাফ সেঞ্চুরি পেয়েছিলেন ডানহাতি এই ব্যাটসম্যান।

ক্রিকেটার, কর্মকর্তারা ছাড়াও হোটেলের কর্মী, গ্রাউন্ডসম্যানদের করোনা পরীক্ষা করা হবে। টুর্নামেন্ট জুড়ে পাঁচটি দলই থাকবে জৈব সুরক্ষা বলয়ে। গ্রাউন্ডসম্যানরা মিরপুর ক্রীড়া পল্লিতে থাকবেন।