বকেয়া বেতন পরিশোধসহ চিনিকল চালু রাখার দাবি

ইত্তেফাক ডেস্ক

বকেয়া বেতন পরিশোধ ও চিনিকল চালু রাখাসহ পাঁচ দফা দাবি জানিয়েছে বিভিন্ন স্থানের চিনিকল শ্রমিক-কর্মচারী ও আখচাষিরা। শনিবার তারা ফটক সভা ও বিক্ষোভ প্রদর্শন করে। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :

পঞ্চগড় : পঞ্চগড়ে চিনিকলের শ্রমিক ও আখচাষিরা যৌথভাবে প্রধান ফটকে অবস্থান নিয়ে সভা করে। বাংলাদেশ আখচাষি ফেডারেশনের সভাপতি ও পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান সভায় প্রধান অতিথি ছিলেন।

নাটোর : নাটোর চিনিকল শ্রমিক-কর্মচারী ফেডারেশন ও আখচাষি ফেডারেশনের ফটক সভা হয়েছে। নাটোর সুগার মিল গেটের সামনে এই ফটক সভায় বক্তব্য রাখেন নাটোর সুগার মিল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি ফিরোজ আলীসহ অন্যরা।

জয়পুরহাট :জয়পুরহাট চিনিকলের প্রধান ফটকের সামনে যৌথভাবে বিক্ষোভ সমাবেশ করে আখচাষি ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন। জয়পুরহাট আখচাষি কল্যাণ সমিতির সভাপতি আবু তালেব চৌধুরী বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন।

মধুখালী (ফরিদপুর) :চিনিকলের প্রধান ফটকে বিশাল ফটক সভা ও বিক্ষোভ প্রদর্শন অনুষ্ঠিত হয়। ফটক সভায় সভাপতিত্ব করেন শ্রমজীবী ইউনিয়নের সভাপতি শাহ মো. হারুন অর রশিদ।

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) :দর্শনা কেরু চিনিকল শ্রমিক-কর্মচারী ও আখচাষি ফেডারেশন সকালে গেট মিটিং করে। স্থানীয় ডোঙ্গার পাশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি ও কেরুজ শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান। এ সময় আগামী ২৮ নভেম্বর মিল চত্বরে বৃহত্তর মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়।