কামারখন্দে ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত

কামারখন্দ (সিরাজগঞ্জ) সংবাদদাতা

কামারখন্দে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে উপজেলার বড়কুড়া দক্ষিণপাড়া গ্রামের মাঠে লাঠিখেলা অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার সহস্রাধিক মানুষ এ খেলা উপভোগ করেন। বাদ্যযন্ত্রের তালে তালে খেলতে হয় লাঠিখেলা। লাঠিখেলা দলের প্রধান আবু বক্কার জানান, লাঠিখেলার মধ্যে বানোটি, নরি, লাঠি, ওস্তাদি, সরগি, ঢকিসহ বিভিন্ন ধরনের খেলা রয়েছে। কিন্তু গ্রামবাংলার এই খেলা আজ বিলুপ্তির পথে। খেলার আয়োজক আমজাদ হোসেন ও নুর ইসলাম জানান, গ্রামবাংলার হারিয়ে যাওয়া এ খেলাকে টিকিয়ে রাখতে ও বর্তমান প্রজন্মকে লাঠিখেলা সম্পর্কে উদ্বুদ্ধ করতে এই খেলার আয়োজন।