জীবননগরে আগ্নেয়াস্ত্রসহ হত্যা মামলার আসামি গ্রেফতার

জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা

জীবননগরে আগ্নেয়াস্ত্রসহ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আব্দুস সালামকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে জীবননগর-চুয়াডাঙ্গা সড়কের মনোহরপুর বাকের বিটের কাছ থেকে তাকে গ্রেফতার করা হয়। তার দেহ তল্লাশি করে একটি দেশীয় তৈরি ওয়ান সুটারগান উদ্ধার করা হয়। সালাম মনোহরপুর গ্রামের নিয়ামত আলী মৃধার ছেলে।

জীবননগর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, গ্রেফতারকৃত সালাম একজন চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে জীবননগর থানাসহ আশপাশের থানায় একাধিক ডাকাতি ও ছিনতাইয়ের মামলা রয়েছে। এছাড়াও তিনি বিজিবি সোর্স শোভা হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। বেআইনি অস্ত্র বহনের মামলা দিয়ে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।