কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা
কাউখালীতে মায়ের করা অভিযোগের পরিপ্রেক্ষিতে মাদকাসক্ত ছেলেকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জান্নাত আরা তিথি এ দণ্ড দেন। সাজাপ্রাপ্ত যুবক হলো উপজেলার চিরাপাড়া পার-সাতুরিয়া ইউনিয়নের দক্ষিণ নিলতী গ্রামের মো. শাহাজাহান হাওলাদারের ছেলে চান হাওলাদার। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালেদা খাতুন রেখা বলেন, মাদকাসক্ত হয়ে ঐ যুবক পরিবার ও বাইরে মানুষের ওপর অত্যাচার চালাত। তার মা এ বিষয়ে অভিযোগ করলে তাত্ক্ষণিক ভ্রাম্যমাণ আদালতের বিচারক জান্নাত আরা তিথি ও কাউখালী থানার পুলিশকে ঘটনাস্থলে পাঠাই। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।