নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতা
নাগেশ্বরীতে বিদ্যুতের খুঁটিবোঝাই ট্রলিচাপায় শুক্রবার সন্ধ্যায় পল্লী বিদ্যুতের একজন ফোরম্যানের মৃত্যু হয়েছে। নিহতের নাম রাজু মিয়া (৩২)। সে কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের সারডোম গ্রামের ফুলমাহমুদের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় রাজু তার সহকর্মীদের সঙ্গে নৌকায় বিদ্যুতের খুঁটি নিয়ে গঙ্গাধর নদী পাড়ি দিয়ে নারায়ণপুর ইউনিয়নের বালারহাট এলাকায় তীরে পৌঁছায়। সেগুলো পরিবহনের জন্য সেখানে আগে থেকে দাঁড়িয়ে ছিল একটি ট্রলি। রাজুসহ অন্যরা নৌকা থেকে তা ঐ পরিবহনে তুলে দিচ্ছিল। এক পর্যায়ে পাড় ধসে বিদ্যুতের খুঁটিবোঝাই ট্রলি তার ওপরে পড়ে। ট্রলিচাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কচাকাটা থানার ওসি মাহবুব আলম এর সত্যতা নিশ্চিত করেছেন।