‘এই কার্ডটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সম্পত্তি’—বাক্যটি লেখা থাকে বাংলাদেশের নাগরিকদের জাতীয় পরিচয়পত্রে। একজন নাগরিকের নাগরিকত্ব নিশ্চিত করা এবং জন্মভূমির পরিচয় বহনকারী হিসেবে জাতীয় পরিচয়পত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রযুক্তির ফলে এতে যেমন যুক্ত হয়েছে নাগরিকের বিস্তারিত তথ্য; তেমনি কমে গেছে এর মাধ্যমে সংঘটিত প্রতারণা। কিন্তু দুঃখজনক হলেও সত্য, যারা নতুন করে জাতীয় পরিচয়পত্র পাওয়ার জন্য তালিকাভুক্ত হচ্ছে তাদের নানারকম ঝামেলা পোহাতে হচ্ছে। তথ্য সংগ্রহকারী কিংবা প্রিন্টের ভুলের জন্য যথাযথ তথ্য দেওয়ার পরেও কারো নিজের, বাবা বা মায়ের নাম, জন্মতারিখ কিংবা অন্য কোনো তথ্য প্রায়ই ভুল আসে। এই ভুল সংশোধনের জন্য ভোটারকে আবার নিকটস্থ নির্বাচন অফিসের মাধ্যমে ব্যাংকে কিংবা অনলাইনে আবেদনের মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দিতে হচ্ছে! প্রয়োজনীয় তথ্যাবলি ও কাগজপত্র দেওয়ার পরেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কারণে পরিচয়পত্রে অনাকাঙ্ক্ষিত ভুল হলে সহজ পন্থায় দ্রুততম সময়ে সম্পূর্ণ বিনামূল্যে সংশোধন করার ব্যবস্থা নিতে জাতীয় নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. আবদুর রহমান
দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ,
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া