ব্যাডমিন্টন কোর্টে অবৈধ বিদ্যুত্ সংযোগ বন্ধ হোক

শীতের রাতে মানসিক ও শারীরিক অবসাদ দূর করতে ছোট বড় সবাই নেমে পড়ে ব্যাডমিন্টন খেলায়। শহর কিংবা গ্রাম সব জায়গায়ই হিড়িক পড়ে যায় খেলাটির। গ্রামের পর্যাপ্ত জায়গা রয়েছে তবে শহরে পর্যাপ্ত খেলার জায়গা নেই তাতে কী হয়েছে? বাসার আঙিনা, পাড়ায় পাড়ায়, রাস্তার অলিতেগলিতে কোর্ট কেটে চলে মহাউত্সব। সন্ধ্যার পর খেলা শুরু হয় বলে আলোর প্রয়োজন পড়ে। আলোর ব্যবস্থা করতে চার-পাঁচ হাজার ওয়াটের বাল্ব লাগানো হয় কোর্টের পাশে। কেউ কেউ হ্যাজাক লাইটও লাগিয়ে থাকেন। তবে বেশিরভাগ ক্ষেত্রে এই লাইটের সংযোগ অবৈধভাবে রাস্তার পাশে মেইন লাইন থেকে নেওয়া হয়ে থাকে। যার ফলে রাষ্ট্রীয় সম্পদের ব্যাপক অপচয় হচ্ছে এবং পাশাপাশি দেশের রাজস্বে নেতিবাচক প্রভাব পড়ছে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ অবস্থায় লাইন সংযোগ দেওয়ায় যে কোনো সময় দুর্ঘটনা ঘটাও বিচিত্র নয়। তাই সচেতন মানুষের দৃষ্টি আকর্ষণ করছি—আসুন রাষ্ট্রীয় সম্পদের অপচয় না করি। এ ব্যাপারে প্রশাসনকে আরো সচেতন হতে হবে এবং সুনির্দিষ্ট কোনো ব্যবস্থা গ্রহণ করতে হবে যাতে করে আসন্ন শীতকালে এরকম কোনো কিছু থেকে দেশ এবং দেশের মানুষ রক্ষা পায়।

মো. তোফায়েল আহমেদ

দ্বিতীয় বর্ষ, ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, ঢাকা কলেজ