পদ্মা সেতুতে বসল ৩৮তম স্প্যান

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মাত্র ৯ দিনের মাথায় গতকাল পদ্মা সেতুর ৩৮তম স্প্যানটি মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তের ১ ও ২ নম্বর খুঁটিতে স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে সেতুর এখন দৃশ্যমান হলো ৫ হাজার ৭০০ মিটার। ৪১টি স্প্যানের মধ্যে বাকি এখন তিনটি। পদ্মা সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, বিজয় দিবসের আগে অপর তিনটি স্প্যান স্থাপন করা হবে। এর মধ্যে নভেম্বরে আরো একটি স্প্যান স্থাপন করা হবে। এসব তথ্য দিয়ে পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো. আব্দুল কাদের জানিয়েছেন, ৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের দ্বিতল সেতুর বাকি আছে আধাকিলোমিটারেরও কম। এছাড়া সেতুর অন্যান্য কার্যক্রমও চলছে দ্রুত গতিতে। সেতু কর্তৃপক্ষ জানিয়েছে ২০১৪ সালের ডিসেম্বরে শুরু হওয়া পদ্মা সেতু ২০২১ সালেই খুলে দেওয়া হবে।