গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে পুলিশ-সাংবাদিক পরিচয়ে এক ভ্যানচালককে অপহরণের ঘটনায় পুলিশ ভুক্তভোগীকে উদ্ধার এবং কথিত সাংবাদিক ও পুলিশের সোর্সসহ তিন জনকে গ্রেফতার করেছে। গতকাল সকালে তাদের গাজীপুর সিটি করপোরেশনের আমবাগ উত্তরপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। গাজীপুর মেট্টোপলিটন পুলিশের উপ-কমিশনার (ডিবি উত্তর ও মিডিয়া) জাকির হাসান এ তথ্য জানিয়েছেন। গ্রেফতারকৃতরা হলো- গাজীপুর সিটি করপোরেশনের আমবাগ উত্তরপাড়া এলাকার আলাল মিয়ার ছেলে রুবেল মিয়া, একই এলাকার মতিউর রহমানের ছেলে রবিউল ইসলাম রুবেল এবং ঢাকার উত্তরখান ময়নারটেক এলাকার আরিফ মিয়ার ছেলে আবিদ রাসেল। আইপি টিভি মুক্তমন এর কথিত সাংবাদিক আবিদ রাসেল ও রবিউল পুলিশের সোর্স হিসেবে কাজ করে বলে জানান উপ-কমিশনার জাকির হাসান।
তিনি আরো জানান, গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে আব্দুল সালাম নামে এক ভ্যানচালককে কৌশলে ঐ চক্রটি আমবাগ উত্তরপাড়া এলাকা থেকে অপহরণ করে। পরে ভয়ভীতি দেখিয়ে মোবাইল ফোনে তার আত্মীয়স্বজনের কাছে মুক্তিপণ দাবি করে। স্বজনরা দুই দফায় ২০ হাজার টাকা বিকাশের মাধ্যমে অপরণকারীদের দেয়। সংবাদ পেয়ে কোনাবাড়ি থানা পুলিশ অভিযান চালিয়ে শনিবার সকালে ভিকটিম আব্দুল সালামকে উদ্ধার এবং তিন অপহরণকারীকে গ্রেফতার করে।
এ সময় অপহরণকারীদের কাছ থেকে একটি হাতুড়ি, একটি প্লাস, ছয়টি মোবাইল ফোনসেট, একটি ক্যামেরা ও একটি বাঁশের লাঠি জব্দ করা হয়। জাকির হাসান জানান, গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে—তারা বিভিন্ন এলাকা থেকে কৌশলে পরস্পরের যোগসাজশে পুলিশের নাম ভাঙিয়ে, সাংবাদিক পরিচয় দিয়ে অপহরণ করে মুক্তিপণ আদায় করে থাকে। গ্রেফতারকৃতদের মধ্যে রুবেলের বিরুদ্ধে কোনাবাড়ি থানায় মাদকের মামলা রয়েছে।