আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
আড়াইহাজারে আবারও এক রাতে তিন বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। শুক্রবার রাতে গোপালদী পৌরসভার সদাসদী পূর্বপাড়া, উলুকান্দী ও কালাগাছিয়া কান্দায় এ ঘটনাগুলো ঘটে। সদাসদী গ্রামের ডাকাতির শিকার হওয়া স্কুলশিক্ষক মনির হোসেন জানান, রাত ২টার দিকে তার বাড়িতে ২০/২৫ জনের মুখোশ ও হাফপ্যান্ট পরিহিত ডাকাত দল কেচিগেট ভেঙে ভেতরে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা-চোখ বেঁধে আড়াই ভরি স্বর্ণালংকার, দুইটি ক্যামেরা ও একটি কম্পিউটারের মনিটর নিয়ে যায়। দুর্বৃত্তরা ঘরের চারটি কক্ষ তছনছ করে।
অপরদিকে একই রাতে দুর্বৃত্তরা পার্শ্ববর্তী উলুকান্দী গ্রামে নকুল বণিকের বাড়িতে হানা দিয়ে পাঁচটি মোবাইল ফোনসেট ও এক ভরি স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। এছাড়া একই রাতে ঢাকার সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক আল আমিনের গ্রামের বাড়ি কলাগাছিয়া কান্দায় ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত দল অস্ত্রের মুখে বাড়ির সবাইকে জিম্মি করে ১০ হাজার টাকা ও দুই ভরি স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ায় এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েছে। গোপালদী তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আজাহার আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ডাকাত গ্রেফতার ও মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।