ইত্তেফাক ডেস্ক রিপোর্ট
সাভারে এক প্রবাসীর বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা গ্রিল কেটে বাড়িতে প্রবেশ করে ১০০ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ৯০ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। সাভার পৌর এলাকার মজিদপুর মহল্লার জাপান প্রবাসী জহিরুল ইসলাম খোকনের বাড়িতে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বাড়ির সদস্যরা জানান, গত ১৬ নভেম্বর জহিরুল ইসলাম খোকন পরিবারের সদস্যদের নিয়ে ঢাকায় তার এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। এ সুযোগে দুর্বৃত্তরা তার ৭ তলা বাড়ির দোতলার জানালার গ্রিল কেটে ফ্ল্যাটে প্রবেশ করে ঘরের আলমারি ও ড্রয়ার ভেঙে ১০০ ভরি স্বর্ণালংকার, ডায়মন্ড, ৯০ হাজার টাকা, দুটি ক্যামেরা, শাড়িসহ প্রায় ৯০ লাখ টাকার মালামাল নিয়ে যায়। গত শুক্রবার রাতে জহিরুল ইসলাম পরিবারের সদস্যদের নিয়ে বাড়িতে ফিরলে ফ্ল্যাটের আলমারি ও ড্রয়ার তছনছ অবস্থায় দেখতে পান। সাভার মডেল থানা পুলিশ জানায়, চুরি হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চলছে ও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।